সংসদে বিজেপিকে টেক্কা দিতে কংগ্রেস কমিটিতে পরিবর্তন সোনিয়া গান্ধীর
বাদল অধিবেশন শুরুর আগে সংসদের দুই কক্ষে দলকে মজবুত করার লক্ষ্যে এগিয়ে রইলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রাজ্যসভা ও লোকসভায় দলের যে কমিটি থাকে তাতে বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি। ফলে অধিবেশনের সময় সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে চলেছে কংগ্রেস, তাতে বিন্দুমাত্র সন্দেহ রইল না।

গৌরব গগৈকে লোকসভার ডেপুটি লিডার করে দেওয়া হয়েছে। একইসঙ্গে সংসদের দুই কক্ষে সঠিকভাবে কাজকর্মের লক্ষ্যে দুটি আলাদা দল তৈরি করে দিয়েছেন তিনি। লুধিয়ানা থেকে দলের লোকসভার সদস্য রভনীত সিং বিট্টুকে দলের নিম্নকক্ষের অন্যতম হুইপ ঘোষণা করা হয়েছে। রাজ্যসভায় দলের নেতা থাকছেন গুলাম নবি আজাদ। ডেপুটি হিসেবে থাকছেন আনন্দ শর্মা, কোষাধ্যক্ষ আহমেদ প্যাটেল, জেনারেল সেক্রেটারি ইনচার্জ সংগঠন কেসি বেনুগোপাল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম নরেশ।
এছাড়াও যে নেতাদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে তারা হলেন মুকুল ওয়াসনিক, কপিল সিব্বল, ভূপিন্দর সিং হুডা, পৃথ্বীরাজ চৌহান, মণীশ তিওয়ারি, শশী থারুর এবং জিতিন প্রসাদা।
এছাড়াও লোকসভার দায়িত্ব থাকছে অধীর চৌধুরীর হাতে। সঙ্গে থাকছেন কে সুরেশ, মানিকরাম টেগোর সহ অন্যান্য নেতারা।
১৬ তম লোকসভার সময় থেকেই দলের ডেপুটি লিডারের পদটি ফাঁকা ছিল। এমনকী ১৫ তম লোকসভায় দলের নেতা ছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি ২০১৭ সালে পদ ছেড়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তা ফাঁকা পড়ে ছিল।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কংগ্রেস দলের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। ২৩ জন নেতা ইতিমধ্যে সোনিয়া গান্ধীকে চিঠি লিখে একজন সর্বক্ষণের সভাপতি নিয়োগের দাবি জানিয়েছেন। যা নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভা উত্তপ্ত হয়েছে। শেষ অবধি সিদ্ধান্ত হয়েছে নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সোনিয়া গান্ধী দলের শীর্ষ নেত্রীর দায়িত্ব সামলাবেন। তবে তাতে বিরোধ কমেছে বলে মনে হচ্ছে না। এখন দেখার সোনিয়া গান্ধী দলকে টিকিয়ে রাখতে পরবর্তী কী পদক্ষেপ করেন।












Click it and Unblock the Notifications