ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা
কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা, যা রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মঙ্গলবার হঠাৎ অসুস্থতা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে ছিলেন পুত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। চিকিৎসক দল তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন ও একাধিক পরীক্ষার মাধ্যমে অসুস্থতার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে সর্দি কাশি জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। তখন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেওয়া এই বর্ষীয়ান নেত্রীর শারীরিক সমস্যা নতুন নয়। গত বছর ফেব্রুয়ারি ও জুন মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এছাড়া, ২০১১ সালে ক্যানসারের চিকিৎসার জন্য অস্ত্রোপচার ও ২০২২ সালে দুই বার করোনা আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তাঁর।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখছেন চিকিৎসকেরা। কংগ্রেস শিবির সহ দেশজুড়ে তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা চলছে।












Click it and Unblock the Notifications