Udhampur: উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান, জোর তল্লাশি এলাকাজুড়ে
Udhampur: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে উধমপুরে। বৃহস্পতিবার গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। দুর্গম পার্বত্যময় ভূমি ও জঙ্গলে ঢাকা উধমপুরের ডুডু-বসন্তগড় এলাকায় জঙ্গি গা ঢাকা দিয়েছিল। এমনই খবর পেয়ে ম্যারথন তল্লাশি অভিযান চালায় সেনা। এরপরই গুলির লড়াই শুরু হয়।
জম্মুতে সেনার হোয়াইট নাইট কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে জঙ্গি আনাগোনার খবর পেয়ে উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় সেনা। সেনাদের খোঁজ মিলতেই গুলি চালায় সেনা। পাল্টা গুলিবর্ষণে রক্তাক্ত হন এক ভারতীয় সেনা। সুশ্রুষার পরেও তাঁকে বাঁচানো যায়নি। শহিদ হয়েছেন তিনি।" যদিও গুলির লড়াই ও তল্লাশি জারি রয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে পহেলগাঁওতে বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে খুন করা হয়েছে। ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালের নাগরিক বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। বহু মানুষ আহত হয়েছেন। পর্যটকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় ইতিমধ্যেই পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ওরফে টিআরএফ দায় স্বীকার করেছে। তারপর থেকেই কাশ্মীরজুড়ে কড়া দমন নীতি নিয়ে তল্লাশি অভিযানে নেমেছে ভারতীয় সেনা।
কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সশস্ত্র জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে গোয়েন্দা মারফত খবর এসে পৌঁছেছে সেনার কাছে। পুঞ্চের মেন্ধরে জঙ্গি আনাগোনার খবর পেয়ে বুধবার রাতে গুলি চালায় ভারতীয় সেনা। জঙ্গিরা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে বারামুল্লা জেলায় জঙ্গিদের অনুপ্রবেশের ছক ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা। ২ জন জঙ্গিকে এনকাউন্টার করে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে সেনা। সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। দুটি রাইফেল, পিস্তল, প্রচুর রাউন্ড বুলেট, আইইডি বিস্ফোরক-সহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে জঙ্গিদের কাছ থেকে।
গোয়েন্দা সূত্রে আরও খবর, পাকিস্তানের দিক থেকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে শয়ে শয়ে জঙ্গি। নানা লঞ্চপ্যাডে ঘাঁটি গেড়ে প্রায় ১৫০ থেকে ২০০ জন প্রশিক্ষিত জঙ্গি সীমান্তের ওপাড়ে অপেক্ষা করছে। অনুপ্রবেশের ছক বানচাল করতে মরিয়া ভারতীয় সেনাও।












Click it and Unblock the Notifications