'প্রিয়' বন্ধুকে বহু উপহার! অসমের চা, কাশ্মীরের জাফরান-সহ পুতিনকে আর কী কী দিলেন মোদী? বাদ পড়েনি পশ্চিমবঙ্গও
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ছয়টি বিশেষ উপহার দিয়েছেন। দেশের বিভন্ন প্রান্ত থেকে বাছাই করা অনন্য কিছু জিনিসপত্র ছিল। সেই তালিকায় যেমন অসমের বিখ্যাত চা ছিল, তেমনই ছিল কাশ্মীরের সুবাসিত জাফরান। আর এই উপহারের ঝুলিতে জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গও। সেখানকার একটি বিশেষ সামগ্রীও উপহারের তালিকায় রেখেছেন মোদী। এই সমস্ত সামগ্রী তিনি তাঁর 'বন্ধু' প্রেসিডেন্ট পুতিনকে উপহার দিয়েছেন।

বৃহস্পতিবারই দুই দিনের জন্য ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাল দিল্লিতে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠকে বার্তাও দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবং রাশিয়ার সম্পর্কের ঘনিষ্ঠতা সেই বার্তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই বৈঠকে মোদী স্পষ্ট জানিয়েছেন যে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের আবহে ভারত একদমই নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে আছে। কারণ এই সময় যুদ্ধের নয়, বরং এই সময় শান্তির। সেই সঙ্গে মোদী সেখানে, প্রেসিডেন্ট পুতিনের প্রশংসাও করেছিলেন। পুতিনের পাশে বসেই গতকাল প্রধানমন্ত্রী তাঁর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শুধুমাত্র শান্তির পথ ধরেই বিশ্বের উন্নতি সম্ভব।
প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে ভগবদ গীতার একটি কপিও উপহার পেয়েছেন রুশ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি পুতিনের উপহার পাওয়া ভগবদ গীতার অনুলিপিটি রাশিয়ান ভাষায় লেখা। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই তাঁকে গীতা উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী নিজেই এই কথা জানিয়েছিলেন। তিনি তাঁর নিজস্ব এক্স (X)-এ পোস্ট করেছিলেন যে, "রাষ্ট্রপতি পুতিনকে রুশ ভাষায় লেখা গীতার একটি কপি উপহার দিলাম। এই ধর্মগ্রন্থটিকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়।" বন্ধুর হাতে উপহার তুলে দেওয়ার মুহূর্তের ছবিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন।
সূত্র অনুসারে জানা গিয়েছে যে, রুশ প্রেসিডেন্ট পুতিনকে একটি রুপোর টি-সেটও উপহার দিয়েছেন তিনি। যা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে আনা। ওই টি-সেটটিতে রুপোর উপর বিশেষ কারুকার্য করা। ওই সেটটিতে চায়ের পেয়ালা, কেট্লি এবং কয়েকটি পাত্রও রয়েছে। অর্থাৎ চায়ের আসরের জন্য যা যা প্রয়োজন। এই উপহারে পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতির ছোঁয়াও রয়েছে। এ ছাড়াও, তিনি মহারাষ্ট্র থেকে আনা একটি রুপোর ঘোড়া দিয়েছেন পুতিনকে। উত্তরপ্রদেশের আগরায় তৈরি হওয়া একটি মার্বেল পাথরের দাবার সেটও দিয়েছেন।
মনে করা হচ্ছে যে, পুতিনের এই দু'দিনের ভারত সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications