রাম নিয়ে মোদীর নিশানায় বিরোধীরা! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি ইয়েচুরির
ভগবান রাম ও রাম নবমী নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করে নির্বাচন কমিশনে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রচারে প্রধানমন্ত্রী মোদী ধর্মীয় আবেগ জাগানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করে ইয়েচুরি এব্যাপারে দ্রুত পদক্ষেপের দাবি করেছেন।
ইয়েচুরি বলেছেন, বিরোধীরা রাম মন্দিরের বিরোধী, ভগবান রামকে অপমান করে, রাম নবমী উদযাপনের অনুমতি দেয় না, প্রধানমন্ত্রী মোদীর এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরণের মন্তব্য বিভাজন তৈরি করছে, যা ভিত্তিহীন বলেও দাবি করেছেন ইয়েচুরি। ধর্মীয় আবেগকে উসকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক।

মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি
মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে পাঠানো চিঠিতে ইয়েচুরি বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় বেশ কিছু উদাহরণ রয়েছে, যেখানে তিনি অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রকরণের উল্লেখ করে বিরোধী দলগুলির বিরুদ্ধে অভিযোগ করেছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখ
ছয় এপ্রিল রাজস্থানের আজমেঢে়, সাত এপ্রিল বিহারের নওয়াদায়, নয় এপ্রিল উত্তর প্রদেশের পিলিভিতে প্রধানমন্ত্রী বক্তৃতার উল্লেখ করে ইয়েচুরি বলেছেন, বিজেপির পক্ষে সমর্থন যোগার করতে এবং বিরোধী দলগুলির বিরুদ্ধে আবেগকে উসকে দিতে রাম মন্দির বা ভগবান রামকে নিয়ে বলে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। ইয়েচুরি আরও বলেছেন, মোদী বুঝিয়েছেন, যারা রাম মন্দিরের পবিত্রতার বিরোধী তারা রাম .নবমীর উদযাপনের বিরোধিতা করবে. বিষয়টিতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতির উসকানি বলে মন্তব্য করেছেন তিনি।
ধর্মীয় আবেগকে জাগিয়ে তোলার উদ্দেশ্য
ইয়েচুরি বলেছেন, মোদীর বক্তব্য সুনির্দিষ্টভাবে বিরোধী দলগুলিকে লক্ষ্য করে। সেখানে তিনি (মোদী) বলেছেন রাম মন্দিরের প্রতি বিরোধীরা ঘৃণা পোষণ করে, তারা ভগবান রামকে অপমান করে এবং রাম নবমী উদযাপনের বিরোধিতা করে। এইসব বক্তব্যের উদ্দেশ্য হল, ধর্মীয় আবেগকে জাগিয়ে তোলা, বলেছেন সীতারাম ইয়েচুরি।
আইন লঙ্ঘনের অভিযোগ
ইয়েচুরি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদীর এইসব মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা, এবং উপধারা এ, বি এবং ৫০৫-এর উপধারা দুই-এর বিরোধী। একইভাবে তা জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ ধারার ৩ ও ৩এ বিধানের বিরোধী। নির্বাচন কমিশনকে এব্যাপারে হস্তক্ষেপের দাবি করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন রোধে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটে বিশৃঙ্খলা বন্ধ করতে নির্বাচন কমিশনের এব্যাপারে দৃঢ় ও দ্রুত পদক্ষেপের প্রয়োজন।












Click it and Unblock the Notifications