মোদীর বিদেশ সফর বাবদ খরচ কত? সংসদে আকাশছোঁয়া পরিমাণের তথ্য পেশ কেন্দ্রের
গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণের জন্য সরকারের খরচ হয়েছে ৫১৭ কোটি টাকা। সংসদে বিদেশমন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫৮টি বিদেশ সফরে খরচ হয়েছে ৫১৭.৮২ কোটি টাকা। আজ এই তথ্য প্রকাশ করা হয় বিদেশমন্ত্রকের তরফে।

রাজ্যসভায় সাংসদ ফৌজিয়া খানের প্রশ্ন
মঙ্গলবার রাজ্যসভায় সাংসদ ফৌজিয়া খানের প্রশ্নে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ নিয়ে এই তথ্য পেশ করেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরণ। মন্ত্রী সাংসদের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এখনও পর্যন্ত খরচের পরিমাণ ৫১৭.৮২ কোটি টাকা।

মোদীর বিদেশ সফরের ফলে অন্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে
তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মনোভাবের বিষয়ে বার্তা পৌঁছেছে অন্যান্য দেশের কাছে।

দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে
তাঁর দাবি, এর ফলে ভারতের উন্নয়ন সংক্রান্ত ইস্যুর পাশাপাশি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবস্থা ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে তথ্যপ্রযুক্তি, মেধা, মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে যৌথ উদ্যোগে অনেক কাজ শুরু হয়েছে।

নানা বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে
মুরলিধরণের দাবি, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নানা বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, আন্তর্জাতিক সৌর শক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications