দিল্লিতে আপেল কিনতে ভয়ঙ্কর কাণ্ডের শিকার, ৩ লক্ষ টাকার জন্য অপহরণ শিলিগুড়ির বাসিন্দা
শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি দিয়েছিলেন ব্যবসায়ী। উদ্দেশ্য ছিল সেখান থেকে আপেল কিনে আনা। কিন্তু দিল্লিতে পা রাখতেই তাঁর সঙ্গে যা ঘটল তাতে চমকে উঠেছেন সকলেই। জানা গিয়েছে ব্যবসায়ীর বন্ধুই তাঁকে দিল্লি বিমান বন্দর থেকে অপহরণ করে নিয়ে যায়।
বাবলু যাদব নামে শিলিগুড়ির ওই ব্যবসায়ীতে ফোন করে ৩ লক্ষ টাকা দাবি করা হয়। শিলিগুড়ি থেকে দিল্লির আজাদপুর মাণ্ডিতে আপেল কিনতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান পর্যন্ত আর পৌঁছতে পারেননি বাবলু যাদব। তার আগেই তাঁর বন্ধু তাঁকে অপহরণ করেন।

পুলিশ তদন্তে জানিয়েছে দিল্লি বিমানবন্দর থেকেই বাবলুর বন্ধু অজয় তাঁকে ট্যাক্সিতে নিয়ে গিয়েছিল। দিল্লির দ্বারকার সেক্টর ২১ -এ তাঁরা পৌঁছন। অজয় বাবলুকে সেখানে একটি খালি ফ্ল্যাটে নিয়ে যায়। েসখানে আগে থেকেই দলবল মোতায়েন করে রেখেছিলেন অজয়। বাবলুকে তিনি জানিয়েছিলেন এই ফ্ল্যাটেই তাঁর থাকার বন্দোবস্ত করা হয়েছে।
পরের দিন অজয়ের বেশ কিছু লোকজন এসে বাবলুকে বাহাদুরগড়ের একটি নির্জন ডেয়ারিতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে তার কাছ থেকে টাকা দাবি করতে থাকেন তাঁরা। এবং তাঁকে পরিবারের লোকেদের ফোন করে টাকা চাইতে বাধ্য করা হয়। এবং বিভিন্ন ইউপিআই আইডিতে ২.৭ লক্ষ টাকা দিতে বাধ্য করা হয় বাবলুকে।
তারপরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও পুলিশের কাছে অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরেই বাবলু থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অপহরণকারী অজয়কে। এযাত্রায় প্রাণে বাঁচলেও ৩ লক্ষ টাকা এখনও ফেরত পাননি বাবলু।












Click it and Unblock the Notifications