দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা, ভারতে ফিরলেন শুভাংশু শুক্লা, দেখা করবেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে
ঐতিহাসিক আন্তর্জাতিক মহাকাশ সফর শেষে এদিন রবিবার ভোরে ভারতে ফিরেছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন।
গত এক বছর ধরে শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪ মিশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তাঁর সঙ্গে ফিরেছেন ব্যাকআপ মহাকাশচারী প্রশান্ত বালকৃষ্ণন নায়ার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিমানবন্দরে তাঁদের স্বাগত জানানোর মুহূর্তের ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

শুভাংশু শুক্লা দ্রুতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন এবং তাঁর নিজের শহর লখনউতে যাবেন বলে জানা গিয়েছে। আগামী ২২-২৩ অগাস্ট জাতীয় মহাকাশ দিবস উদযাপনে অংশ নিতে তিনি আবার রাজধানীতে ফিরবেন।
সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে জিতেন্দ্র সিং লিখেছেন, ভারতের মহাকাশ গৌরব দেশের মাটিতে স্পর্শ করল। শুভাংশু শুক্লা আজ সকালে দিল্লিতে অবতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন সমানভাবে পারদর্শী গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার, ভারতের প্রথম মানব মিশন গগনযানের জন্য নির্বাচিত মহাকাশচারীদের মধ্যে একজন, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মিশনের জন্য ভারতের মনোনীত ব্যাকআপ ছিলেন।
দেশে ফেরার আগে শনিবার শুভাংশু শুক্লা ইনস্টাগ্রামে একটি হাসি মুখের ছবি পোস্ট করে লেখেন, যুক্তরাষ্ট্র ছাড়ার সময় তাঁর মনে মিশ্র অনুভূতি কাজ করছে। তিনি ভারতে ফিরে সবার সঙ্গে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছেন।
তাঁর কথায়, “মিশনের সময় ও পরে সবার কাছ থেকে অবিশ্বাস্য ভালোবাসা ও সমর্থন পেয়েছি। আমি ভারতে ফিরে আপনাদের সবার সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। বিদায় জানানো কঠিন, কিন্তু জীবনে আমাদের এগিয়ে যেতে হবে।”
লাল কেল্লায় ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেন, ভারত নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করছে এবং গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মহাকাশ মিশন থেকে ফিরে এসেছেন।
প্রসঙ্গত, শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪ মহাকাশ মিশনের অংশ ছিলেন, যা ২৫ জুন ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত হয় এবং ২৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করে। তিনি ১৫ জুলাই পৃথিবীতে ফিরে আসেন। ১৮ দিনের এই মিশনে আরও তিন মহাকাশচারীর সঙ্গে শুভাংশু শুক্লা ৬০টিরও বেশি পরীক্ষা এবং ২০টি আউটরিচ সেশনে অংশ নেন।












Click it and Unblock the Notifications