Modi 3.0 Cabinet: শিবসেনার অসন্তোষ! মোদী সরকারে পূর্ণমন্ত্রী না পাওয়ার কারণ হাতড়ে আঙুল এনডিএ শরিকদের দিকেই
Modi 3.0 Cabinet: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন গতকাল। তার মধ্যেই এনডিএ শরিকদের মধ্যে মন্ত্রিত্ব পাওয়া নিয়ে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছে।
অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি আগেই ফিরিয়েছে প্রতিমন্ত্রীর অফার। এবার মন্ত্রিত্ব নিয়ে অসন্তোষ গোপন রাখল না একনাথ শিণ্ডে গোষ্ঠীর শিবসেনা।

অজিত পওয়ারদের তরফে গতকালই জানানো হয়েছিল, তাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছিল বিজেপি। এনসিপি মন্ত্রী করতে চায় প্রফুল প্যাটেলকে। কিন্তু তিনি যেহেতু আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্বে ছিলেন, সে কারণে এবার তাঁর পক্ষে প্রতিমন্ত্রী হওয়া সম্ভব নয়।
অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এমনটাও জানায় যে, তাদের বিজেপি কয়েক দিন অপেক্ষা করতে বলেছে। জোট সরকারের বাধ্যবাধকতা থাকে। নরেন্দ্র মোদী সরকারে মন্ত্রিসভার সম্প্রসারণও হবে ভবিষ্যতে। সেই সময় অজিত পওয়ারের এনসিপির অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের-নেতৃত্বাধীন শিবসেনার গোষ্ঠী অসন্তোষ ব্যক্ত করল মন্ত্রিসভা গঠন নিয়ে। শিণ্ডে নিজে কিছু বলেননি। দলের মুখ্য সচেতক শ্রীরং বার্নের কথায়, আমরা পূর্ণমন্ত্রীর পদ প্রত্যাশা করেছিলাম। চিরাগ পাসওয়ানের পাঁচ সাংসদ, জিতন রাম মাঞ্ঝির ১ এবং জেডিএসের ২ সাংসদ রয়েছেন। তাঁদের প্রত্যেককে ১টি করে পূর্ণমন্ত্রীর পদ দেওয়া হয়েছে।
সেখানে শিবসেনার লোকসভায় ৭ সাংসদ রয়েছেন। তবু কেন তাদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বার্নে। তিনি মনে করিয়ে দিয়েছেন, শিবসেনা বিজেপির পুরানো শরিক। সে কথা মাথায় রেখে শিবসেনাকে একটা পূর্ণমন্ত্রীর পদ দেওয়া উচিত ছিল।
উল্লেখ্য, মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে ১৫টি আসনে লড়ে সাতটিতে জিতেছে শিবসেনা। অজিত পওয়ারের এনসিপি লড়েছিল চারটি আসনে, জিতেছে ১টিতে। বিজেপি জিতেছে ৯টি আসনে। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন ৩০ জন পূর্ণমন্ত্রী, পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। ক্যাবিনিটে ৯ নতুন মুখকে আনা হয়েছে।












Click it and Unblock the Notifications