কেরলের অনুষ্ঠানে একই মঞ্চে শশী থারুর এবং মোদী, ‘অনেকের রাতের ঘুম উড়বে’ বললেন প্রধানমন্ত্রী
কেরালার ঐতিহাসিক ভিঝিনজাম আন্তর্জাতিক সমুদ্রবন্দরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক বার্তা ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কংগ্রেস নেতা শশী থারুরের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়ে মোদী এদিন বলেন, "আজকের এই অনুষ্ঠান অনেক মানুষের ঘুম কেড়ে নেবে"।
স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রীর নিশানায় ঠিক কারা রয়েছেন। আসলে অনুষ্ঠান মঞ্চে শশী থারুরের উপস্থিতি প্রশ্ন তুলে দিয়েছে অনেক। কেননা, কিছুদিন আগেই এই শশী থারুরই প্রধানমন্ত্রীর প্রশংসা করেছিলেন। আর এবার সরাসরি তাঁর উপস্থিতি প্রশ্ন তুলে দিল ইন্ডিয়া জোটের অন্দরেই।

ভিঝিনজাম বন্দরের উদ্বোধনী ভাষণে মোদী বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে বলব, আপনি ভারতীয় জোটের শক্তিশালী স্তম্ভ, শশী থারুরও এখানে বসে আছেন। আজকের এই ঐতিহাসিক মুহূর্ত অনেকের চিন্তা বাড়াবে"। মোদীর মন্তব্যে পরোক্ষভাবে বিরোধী জোটের প্রতি কটাক্ষ স্পষ্ট বলে রাজনৈতিক মহল মনে করছে।
উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী যে ফলক উন্মোচন করেন, তাতে শশী থারুরের নামও ছিল। একই মঞ্চে থারুরের উপস্থিতি ও মোদীর প্রশংসা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। থারুর অতীতেও বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের অবস্থানকে সমর্থন করেছেন, যার জন্য দলের অন্দরে সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসী হামলা ইস্যুতে কেন্দ্রের প্রতিক্রিয়াকে সমর্থন করে থারুর বলেছিলেন, "সবারই এখন নজর রয়েছে সরকারের পদক্ষেপের দিকে। পরে যদি কোনও ত্রুটি থাকে, তাহলে তা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে"। এই অবস্থান কংগ্রেসের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এদিন মোদীর হাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভিঝিনজাম আন্তর্জাতিক সমুদ্রবন্দর, যা ভারতের সামুদ্রিক বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। প্রায় ৮,৮৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গভীর জলের বন্দরটি তৈরি হয়েছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে, আদানি গ্রুপের অধীনস্থ আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) কর্তৃক।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বন্দর দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে বড় ভূমিকা পালন করবে এবং কেরালাকে বিশ্বের সামুদ্রিক মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে। একই সাথে কেরালাকে ঘিরে যে রাজনৈতিক পরিস্থিতিও গুরু গম্ভীর হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications