শিশুদের কাফ সিরাপে মৃত্যুর ছায়া, দুই রাজ্যে শিশু মৃত্যুর পর দেশে সতর্কবার্তা
দুই রাজ্যে একের পর এক শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাফ সিরাপকে কেন্দ্র করেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ১১টি শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠছে। ঘটনাটির পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জারি হয়েছে জরুরি নির্দেশিকাও।দুই বছরের কম বয়সী শিশুদের কাফ সিরাপ দেওয়া যাবে না।

শনিবার ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস এক পরামর্শ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অল্পবয়সী শিশুদের জন্য কাফ সিরাপ ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তা ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।ঘটনার কেন্দ্রবিন্দু মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলা, যেখানে গত পনেরো দিনের মধ্যেই কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে ৯ জন শিশুর। পাশের রাজ্য রাজস্থানেও একই রকম এক মৃত্যুর খবর মিলেছে। প্রাথমিক তদন্তে সন্দেহ, শিশুদের দেওয়া কাফ সিরাপেই থাকতে পারে বিষাক্ত উপাদান।
পরিবারের দাবি, মৃত শিশুদের মধ্যে অন্তত পাঁচজনকে দেওয়া হয়েছিল কোলড্রেফ সিরাপ, আরেকজনকে দেওয়া হয়েছিল নেক্সটো সিরাপ। এরপরই প্রশাসন জরুরি পদক্ষেপ নেয়, যে কোনও ভাইরাল বা সর্দি কাশিতে আক্রান্ত শিশুকে সরাসরি সরকারি হাসপাতালে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে, বেসরকারি ক্লিনিকে চিকিৎসা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ডেক্সট্রোমেথ্রোফান হাইড্রোব্রোমাইড যুক্ত কাফ সিরাপের একাধিক ব্যাচের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাজ্যজুড়ে আপাতত এই সিরাপের বিক্রি ও বিতরণ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ঠান্ডা ও ফ্লু এর উপসর্গে আক্রান্ত ১,৪২০ শিশুর ওপর কড়া নজরদারি শুরু করেছে স্বাস্থ্য দফতর।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্যে খানিক স্বস্তি। তাদের দাবি, "এখনও পর্যন্ত পরীক্ষায় কোনও সিরাপে বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়নি।" ফলাফলে দেখা গিয়েছে, সন্দেহভাজন সিরাপগুলিতে ডাইথাইলিন গ্লাইকোল বা ইথাইলিন গ্লাইকোল যে দুটি রাসায়নিক কিডনি বিকল করতে সক্ষম তা উপস্থিত নেই।
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ও মধ্যপ্রদেশ স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর সূত্রও জানায়, "এখনও পর্যন্ত কাফ সিরাপ দূষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি, এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।"
তবু সতর্কতার জন্য কেন্দ্র শিশুস্বাস্থ্য নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ওষুধ নির্মাতা সংস্থাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে গুণমান পরীক্ষায় কোনও রকম অবহেলা চলবে না। দেশজুড়ে এখন একটাই বার্তা শিশুর নিরাপত্তাই প্রথম।












Click it and Unblock the Notifications