Modi 3.0 Cabinet: মোদীর মন্ত্রিসভায় নির্মলা-সহ ৭ মহিলা, নতুন মুখ কারা?
Modi 3.0 Cabinet: নরেন্দ্র মোদীর সঙ্গে আরও ৭১ জন মন্ত্রী শপথ নিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। তাঁদের ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭ জন মহিলা সাংসদ। তাঁদের ২ জন পূর্ণমন্ত্রী, ৫ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। একনজরে দেখে নেওয়া যাক তাঁদের তালিকা-

নির্মলা সীতারামন কর্নাটক থেকে রাজ্যসভার সাংসদ। দু-বারের কেন্দ্রীয় মন্ত্রী। তিনি মোদী ২.০ ক্যাবিনিটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। বেস কর্পোরেট ট্যাক্স ২২ শতাংশে আনা, জিএসটি চালু, কোভিড মোকাবিলায় পদক্ষেপ-সহ নানা অর্থনৈতিক সংস্কারে নির্মলার অবদানের কথা স্বীকৃত।
অন্নপূর্ণা দেবী তৃতীয় মোদী সরকারে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ঝাড়খণ্ডের ওবিসি সম্প্রদায়ের অন্নপূর্ণা কোডারমা থেকে টানা দ্বিতীয়বার জিতে সাংসদ হলেন। সিপিআইএম(এল)-এর বিনোদ কুমার সিংকে তিনি ৩ লক্ষ ৭৭ হাজার ভোটে হারিয়েছেন।
মহারাষ্ট্রের রক্ষা খডসের বয়স ৩৭। তিনি বিজেপি নেতা একনাথ খডসের পুত্রবধূ। ২০১৩ সালে রক্ষার স্বামী আত্মঘাতী হন। রাভের লোকসভা থেকে টানা তৃতীয়বার সাংসদ নির্বাচিত হলেন রক্ষা। তিন লক্ষের বেশি ভোটে এবার জয়লাভ করেছেন। নারীদের ক্ষমতায়ন, শিশুশিক্ষা, কৃষকদের উন্নয়নে নানাবিধ কাজ করেছেন।
বেঙ্গালুরু উত্তরের বিজেপি সাংসদ শোভা করন্দলাজে। তিনিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০০৮ থেকে ২০০৯ অবধি কর্নাটকের গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী ছিলেন। ২০১০ থেকে ২০১২ অবধি খাদ্য ও গণবণ্টন বিভাগের মন্ত্রিত্ব সামলেছেন। কংগ্রেসের রাজীব গৌড়াকে ২.৫৯ লক্ষ ভোটে হারিয়ে তিনি সাংসদ হয়েছেন।
উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে ৪.৭১ লক্ষ ভোটে জিতেছেন আপনে দল (সোনেলাল)-এর সভাপতি অনুপ্রিয়া প্যাটেল। তিনিও গতকাল শপথ নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদে। ২০২১ সাল থেকে তিনি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ অবধি তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
বছর ৪৬-এর সাবিত্রী ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জনজাতি সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি। তিনি মধ্যপ্রদেশের ধর লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিলেন। ২.১৮ লক্ষ ভোটে তিনি কংগ্রেসের রাধেশ্যাম মুভেলকে হারিয়েছেন। দিদি বলে সম্বোধন করা হয় তাঁকে।
ভাবনগরের প্রাক্তন মেয়র নিমুবেন বাম্ভানিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। গুজরাত থেকে জয়ী তিন মহিলা সাংসদের মধ্যে তিনি অন্যতম। আপের উমেশ মাখওয়ানাকে তিনি ৪.৫৫ লক্ষ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। ওবিসি সম্প্রদায়ের এই জনপ্রতিনিধি ২০০৯ থেকে ২০১০ ও ২০১৫ থেকে ২০১৮ অবধি ভাবনগরের মেয়র ছিলেন। ২০১৩ থেকে ২০২১ অবধি গুজরাতে বিজেপির মহিলা মোর্চার সহ সভানেত্রীর দায়িত্বও সামলেছেন।












Click it and Unblock the Notifications