গ্যাসঘাঁটি হামলার ধাক্কা! বাজার খুলতেই বড় পতন সেনসেক্স-নিফটিতে, কী বলছেন বিশেষজ্ঞরা?
মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমশ বেড়েই চলেছে। আর তার প্রভাব এইবার পড়ল শেয়ার বাজারে। ইরান এবং কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস প্রকল্পে হামলার খবর সামনে আসার পর পরই বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সঙ্কটের আশঙ্কা। আর সেই উদ্বেগের কারণেই আজ সকালে এশিয়ার বাজারে বড়সড় চাপ দেখা যায়।

যদিও ভারতীয় বাজারও তার ব্যতিক্রম নয়। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স একধাক্কায় প্রায় ১৬০০ পয়েন্ট নেমে যায়। সেই একই সময়ে নিফটিও প্রায় ৫০০ পয়েন্ট পড়ে যায়। অথাৎ ২.১০ শতাংশ কমে গিয়ে ২৩,২৭৭.৩৫ সূচকে নেমে আসে। জানা গিয়েছে যে, অনেকগুলি বড় কোম্পানির শেয়ারের দাম ২-৪ শতাংশ পর্যন্ত কমে যায়।
বিশ্লেষকদের মতে, প্রথমে ইরানের অন্যতম এক বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স এ হামলার ঘটনা সামনে আসে। আর তার পরেই কাতারের একটি বৃহৎ এলএনজি প্রকল্প রাস লাফান গ্যাস স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা আঘাতের খবর ছড়িয়ে পড়ে। আর এই ঘটনাই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, যদি দীর্ঘ সময় ধরে তেলের দাম বেশি থাকে, তাহলে ভারতের মতো আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে অনেকটাই চাপ বাড়তে পারে। সেইসঙ্গে মার্কিন ফেড সুদের হার আপাতত অপরিবর্তিত রাখার ইঙ্গিত দেওয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা আরও বেড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications