Sensex Crashes: শেয়ার বাজারে রক্তক্ষরণ, ৮০০-রও বেশি পয়েন্ট খোয়াল সেনসেক্স; পতন নিফটিতেও
Sensex Crash: টানা পাঁচটি সেশনে সেনসেক্সে পতন অব্যাহত। স্টক মার্কেটের সূচকে লাগাতার পতন। সপ্তাহের প্রথম দিনে শেয়ার বাজারের রক্তক্ষরণ। সোমবার বাজার খুলতেই প্রায় ৮০০-রও বেশি পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স।
২২২ পয়েন্ট কমেছে নিফটিও। বেলা সাড়ে বারোটা নাগাদ ৭৯৫.৯১ সূচক কমে ৭৪ হাজার ৫০৯.৬০-এ ট্রেড করছিল বিএসই সেনসেক্স।

- কিন্তু কেন এই অধঃপতন?
বিশ্ববাজারে মন্দা তো বটেই, তবে মনে করা হচ্ছে পতনের উল্লেখযোগ্য কারণ ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের তাবড় তাবড় অর্থনীতির শুল্ক যুদ্ধের জেরেই ব্যবসায় সিঁদুরে মেঘ দেখছেন লগ্নিকারীরা। মসনদে বসার পর থেকেই শুল্ক নিয়ে বাকিদের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আমেরিকার পণ্যের উপর যত চড়া শুল্ক চাপানো হবে, সেই শুল্কই পাল্টা চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর তাতেই শেয়ারবাজারে শুরু রক্তক্ষরণ।
গত শুক্রবার ৭৫ হাজার ৩১১. ০৬ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন ৮১৭ পয়েন্ট কমে ৭৪ হাজার ৪৯৩.৯৭ সূচকে বাজার খোলে। নেতিবাচক পয়েন্ট থেকেই শেয়ার বাজার খোলে সোমবার। তারপর আরও নিচে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। ৮৯০ পয়েন্ট নেমে ৭৪ হাজার ৫৪১.৩৩ পয়েন্টেও নেমে যায় সেনসেক্স। নিফটি নেমে যায় ২২ হাজার ৬০০ সূচকের নিচে। দুপুর ১২টা ২০ নাগাদ সেনসেক্স ৭৮৭ পয়েন্ট ও নিফটি ছিল ২২৮ পয়েন্ট।
ট্রাম্পের হুঁশিয়ারি ছাড়াও শেয়ার বাজারে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে চিনা স্টক মার্কেট। গত কয়েক দিনে উত্থান লক্ষ্য করা গিয়েছে চিনের স্টক মার্কেটে। ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে শেয়ার বাজারকে সুস্থ রাখতে একাধিক পদক্ষেপও নিয়েছে চিনের সরকার। বিশেষজ্ঞদের মতে, চিনের এই পদক্ষেপের ফলে ট্রাম্পের শুল্ক হুমকি খাটবে না বরং শাপে বর হবে।
এছাড়াও অন্যতম কারণ বিদেশি বিনিয়োগকারীদের বিক্রয় প্রবণতা। ধারাবাহিকভাবে তাদের শেয়ার বিক্রির প্রবণতা মন্দার পেছনে ইন্ধন জুগিয়েছে। যার জেরে বৈশ্বিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্টের মতে, বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার বিক্রি প্রবণতা ও ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে বৈশ্বিক অনিশ্চয়তার ফলে নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। তবে আগামিদিনে শেয়ার বাজারে আরও অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা।












Click it and Unblock the Notifications