Stock Market Crash: হু হু করে পতন সেনসেক্স, নিফটিতে; ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে রক্তক্ষরণ শেয়ার বাজারে
Stock Market Crash: ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে শেয়ার বাজারে রক্তক্ষরণ। সোমবার বাজার খুলতেই ধস। চরম পতন বিএসই সেনসেক্স ও নিফটি ৫০ সূচকে। সকাল ৯টা ২০ মিনিট নাগাদ প্রায় ৩২৩৫ পয়েন্ট কমে সেনসেক্স সূচকের মান ছিল ৭২,১২৯.৪৪। ১,০২৬ পয়েন্ট কমে নিফটির মান ছিল ২১,৮৭৮.১৫। সেনসেক্সে ৪.২৯ শতাংশ ও নিফটিতে ৪.৪৮ শতাংশ পতন লক্ষ্য করা গেল এদিন।
সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই প্রথম ঘণ্টার লেনদেনেই ধস নামে সেনসেক্স ও নিফটিতে। গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পতন লক্ষ্য করা গেল ভারতীয় শেয়ার বাজারে। প্রথম পর্যায়ে ৩ হাজারের বেশি পতন লক্ষ্য করা যায় সেনসেক্সে। পরক্ষণে প্রায় ৪ হাজারের কাছে চলে যায়। ৩৯৩৯.৬৮ পয়েন্ট কমে সেনসেক্স সূচকের মান দাঁড়ায় ৭১,৪২৫.০১ পয়েন্টে।

একটা সময় নিফটিও ১৩০০ পয়েন্টের বেশি নিচ নেমে গিয়েছিল। গত সেশনের তুলনায় যা প্রায় ৯০০ পয়েন্ট কম ছিল। বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ৩০টি শীর্ষ সংস্থার মোট সূচকের মান আড়াই হাজার পয়েন্টেরও নিচে নেমে যায়। শীর্ষ কোম্পানিগুলির মধ্যে ১০ শতাংশ পতন হয়েছে টাটা স্টিল-এ, টাটা মোটরসের ৭.৮৬ শতাংশ ক্ষতি, ইনফোসিসে ৬.৯৮ শতাংশ, এল অ্যান্ড টি ৬.৪৫ শতাংশ ও টেক মাহিন্দ্রা ৬.৩৬ শতাংশ পতন হয়েছে।
তবে শুধু দালাল স্ট্রিটই নয়। পতন লক্ষ্য করা গিয়েছে বিশ্বের অন্যান্য দেশগুলির শেয়ার বাজারেও। নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য দেশগুলির উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত। আমেরিকার শুল্ক নীতির প্রভাবে সোমবার সিঙ্গাপুরের শেয়ার বাজার ৭ শতাংশ, মালয়েশিয়ার ৪ শতাংশ ও হংকংয়ের শেয়ার মার্কেট ৮.৮ শতাংশ নিম্নমুখী ছিল। ৬.৪ শতাংশ নিম্নগামী ছিল অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও।
গত ২ এপ্রিল বিশ্বব্যাপী একাধিক দেশের উপর পারস্পারিক শুল্ক কার্যকর করেন ট্রাম্প। চিনের উপর ৩৪ শতাংশ, ভারতের উপর ২৬ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ ও তাইওয়ানের উপর ৩২ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। এরপর থেকেই ধস নামতে শুরু করেছে বিশ্ব বাজারে। যদিও রবিবার ট্রাম্প নিজ অবস্থানেই অনড় থাকার কথা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications