Sikkim: সিকিমে নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি এনডিআরএফের
উত্তর সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের ফলে হওয়া ভয়াবহ ভূমিধসে তিন ভারতীয় সেনা জওয়ান নিহত এবং আরও ছয়জন নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যায় লাচেন জেলার চাতেন এলাকায় একটি সেনা ছাউনিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও তাঁর পরিবারের সদস্যও রয়েছেন বলে জানা গিয়েছে।
গত রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে এবং সেনা ক্যাম্পের একটি বড় অংশ এর নিচে চাপা পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয় এবং তিন জওয়ান – হাবিলদার লখিন্দর সিং, ল্যান্স নায়েক মনীশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখাদার – এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, চারজন সামান্য আহত জওয়ানকেও উদ্ধার করা হয়।

এনডিআরএফ-এর একটি ২৩ সদস্যের দল পাকিয়ং বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চাতেন পৌঁছেছে এবং সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পার্বত্য এলাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গত এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন কঠিন হয়ে পড়েছে।
সিকিম সরকার উত্তর সিকিমের মাঙ্গান জেলায় লাল সতর্কতা জারি করেছে এবং সমস্ত বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় ডিকচু, সিংথাম সহ নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে, উত্তর সিকিমে আটকে পড়া প্রায় ১৬০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নয়জন পর্যটকের খোঁজ মেলেনি। তাঁদের মধ্যে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার এক নবদম্পতিও রয়েছেন, যারা গত ২৯ মে একটি গাড়িসহ তিস্তার জলে ভেসে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সিকিম ছাড়াও অসম, অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ত্রিপুরার বিভিন্ন এলাকাও হড়পা বানে বিপর্যস্ত বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications