Sikkim: নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা, সিকিমে এখনও জটিল পরিস্থিতি, আটকে অনেকে, চলছে উদ্ধারকার্য
প্রবল বৃষ্টিপাত ও একাধিক ভূমিধসের কারণে উত্তর সিকিমে বিপর্যস্ত জনজীবন। প্রায় ১৫০০ পর্যটক লাচেন ও লাচুং-এর মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে আটকে পড়েছেন। এর মধ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিস্তা নদীতে গাড়ি পড়ে এখনও ৮ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। লাগাতার বৃষ্টি ও তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের মুনসেথাং এলাকায় পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০০ ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িতে চালক সহ মোট ১১ জন পর্যটক ছিলেন। এই দুর্ঘটনায় ১ জনের মৃতদেহ উদ্ধার হলেও, এখনও ৮ জনের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন ওড়িশা, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। ওড়িশার চারজন, ত্রিপুরার দু'জন এবং উত্তরপ্রদেশের দু'জন।

দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে নামে সেনাবাহিনী, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ এবং স্থানীয় প্রশাসন। কিন্তু টানা বৃষ্টির কারণে তিস্তার জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে। তিস্তা নদীতে তলিয়ে যাওয়া গাড়িটির কিছু অংশ উদ্ধার করা গেলেও নিখোঁজদের হদিশ এখনও মেলেনি।
এদিকে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় নতুন করে ধস নেমেছে। লাচেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাচুং-এর সঙ্গে যোগাযোগ শনিবার বিকেলে আংশিকভাবে করা হলেও অনেক রাস্তা এখনও বন্ধ রয়েছে। বহু জায়গায় বিদ্যুত ও মোবাইল পরিষেবা ব্যাহত হওয়ায় আটকে পড়া পর্যটকদের পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে থাকা পর্যটকদের জন্য ত্রাণ শিবির ও থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের উত্তর সিকিমে প্রবেশের জন্য কোনও নতুন পারমিট দেওয়া হচ্ছে না এবং আগে ইস্যু করা পারমিটও বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কিছুদিন সিকিম সহ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এই পরিস্থিতিতে তিস্তার নিম্ন অববাহিকার জেলাগুলিতেও জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications