সুখবর! বিমা, NABARD ও RBI কর্মীদের বেতন ও পেনশনে ছাড়পত্র, বড় ঘোষণা কেন্দ্রের
শুক্রবার কেন্দ্র সরকার সরকারি সাধারণ বিমা সংস্থা (PSGICs) এবং NABARD-এর কর্মীদের অনেকদিনের বেতন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পাশাপাশি RBI এবং NABARD-এর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংশোধনের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে।

এই সিদ্ধান্তে প্রায় ৪৬ হাজারেরও বেশি কর্মী, ২৩ হাজারেরও বেশি পেনশনভোগী এবং প্রায় ২৩ হাজার পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। সরকারের মতে, এই পদক্ষেপ অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা আরও বেশি মজবুত করবে।
পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স সংস্থাগুলির কর্মীদের জন্য এই সংশোধিত বেতন কাঠামো ১ আগস্ট ২০২২ থেকে কার্যকর বলে ধরা হবে।এতে মোট মজুরি খরচ প্রায় ১২.৪১ শতাংশ বাড়বে। বেসিক এবং ডিএ মিলিয়ে প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পাবেন কর্মীরা। এর ফলে প্রায় ৪৩ হাজারের বেশি কর্মী উপকৃত হবেন।
এছাড়া, ২০১০ সালের ১ এপ্রিলের পর যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের জন্য এনপিএস-এ নিয়োগকর্তার অবদান ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ পর্যন্ত করা হয়েছে। পারিবারিক পেনশনও একক হারে ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ১৪,৬০০-র বেশি পরিবার উপকার পাবেন। আর এই পুরো সিদ্ধান্তে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় ৮,১৭০ কোটি টাকা।
এই তালিকায় রয়েছে- ন্যাশনাল ইন্স্যুরেন্স (National Insurance Company Ltd.), নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স (New India Assurance Company Ltd.), ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স (Oriental Insurance Company Ltd.), ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স (United India Insurance Company Ltd.), জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন (General Insurance Corporation of India (GIC) এবং অ্যাগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি (Agricultural Insurance Company Ltd.)।
NABARD কর্মীদের জন্য এখন সিদ্ধান্ত নেওয়া হলেও, বেতন সংশোধনকে ১ নভেম্বর ২০২২ থেকে কার্যকর বলে ধরা হবে (retrospective effect)। অর্থাৎ, ওই তারিখ থেকে হিসাব করে বেতন বাড়ানো হবে এবং মাঝের সময়ের জন্য বকেয়া (arrears) দেওয়া হবে।
এছাড়াও, ২০১৭ সালের ১ নভেম্বরের আগে যে সমস্ত NABARD কর্মীরা অবসর নিয়েছেন তাদের পেনশনও সংশোধন করা হবে। যাতে তাঁদের পেনশনও RBI-NABARD-এর প্রাক্তন কর্মীদের সমতুল্য হয়। এর ফলে বছরে প্রায় ১৭০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে এবং বকেয়া হিসেবে প্রায় ৫১০ কোটি টাকা দেওয়া হবে। পেনশনের বকেয়া বাবদ এককালীন প্রায় ৫০ কোটি টাকা এবং মাসে অতিরিক্ত প্রায় সাড়ে ৩ কোটি টাকা খরচ হবে।
RBI-এর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং পারিবারিক পেনশনে ১০ শতাংশ বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। এই সংশোধন ১ নভেম্বর ২০২২ থেকে কার্যকর বলে ধরা হবে। এর ফলে মোট পেনশনের অঙ্ক কার্যত উল্লেখযোগ্য হারে বাড়বে।
এই সিদ্ধান্তে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন। যার মধ্যে রয়েছেন প্রায় ২২,৫০০ পেনশনভোগী এবং ৮,০০০-এর বেশি পারিবারিক পেনশনভোগী। এর জন্য সরকারের প্রায় ২,৭০০ কোটি টাকা আর্থিক বোঝা হবে।
এই সিদ্ধান্তের ফলে বিমা সংস্থা, NABARD এবং RBI-এর কর্মী ও অবসরপ্রাপ্তদের আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছে কেন্দ্র। ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচের মধ্যে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications