ভারতের ঘাড়ে দোষ চাপাতে গিয়ে পাল্টা ঝাঁঝ সহ্য করতে হল চিনকে! বেজিংকে কড়া জবাব জয়শঙ্করের
লাদাখে ভারত-চিন সেনার মধ্যে সংঘর্ষের প্রায় দুই দিন পর এবার শীর্ষ পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত নিল ভারত ও চিন। জানা গিয়েছে এদিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটানোর বিষয়ে দুই পক্ষই সহমত হয়েছে।

গালওয়ান সংঘর্ষ নিয়ে চিনের অভিযোগ
এদিকে এত কিছুর মাঝেও চিন তাঁদের অভিযোগ থেকে সরছে না। তাদের দাবি ভারতের উস্কানিতেই গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষ বেধেছিল। এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিনের তরফে পদক্ষেপ নিতে বলা হয়। এবং বিষয়টির তদন্তেরও আবেদন জানানো হয়।

পাল্টা তোপ দেগে জয়শঙ্কর
তবে চিনের এই দাবি উড়িয়ে দিয়ে চিনের বিদেশমন্ত্রীকে পাল্টা তোপ দেগে জয়শঙ্কর বলেন, লাদাখে যা ঘটেছে তা চিনা সেনার তরফে আগের থেকে পরিকল্পিত ছিল। এবং ভারত শান্তিপূর্ণ দেশ হলেও উস্কিনা দেওয়া হলে পিছিয়ে থাকবে না। জয়শঙ্কর আরও জানান এই উত্তেজনার জেরে দুই দেশের সমপর্ক খারাপ হচ্ছে তা দিল্লি চায় না।

চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
এই ফোনালাপের কিছুক্ষণ আগেই চিনকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'মারতে মারতে শহিদ হয়েছেন ভারতীয় জওানরা। পুরো দেশ তাঁদের জন্য গর্বিত। আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না।' এরপর চিনকে হুঁশিয়ার করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ভারত শান্তিপ্রিয় দেশ তবে, যদি কেউ উস্কানি দেয় তাহলে আমরা জবাব দিতে জানি।'

ভারত-চিন সম্পপর্ক কোন দিকে
এদিকে এক মাসের বেশি সময় ধরে লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মাঝে আগামী ২২ জুন চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ইয়ি-র সঙ্গে ভিডিও মারফত বৈঠক করবেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গিয়েছে, বিশ্বজুড়ে করোনা অতিমারীর প্রকোপ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা মজবুত করতে এই বৈঠক ডাকা হয়েছে। তবে এই ঘটনার জেরে সেই বৈঠকের ভবিষ্যতের উপর প্রশ্ন চিহ্ন লেগে যায়। তবে আজকেই এই ফোনালাপের পর পরিস্থিতি শান্ত হওয়ার দিকে যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications