সিঙ্গাপুর থেকে ফিরেই রাজনৈতিক বোমা ফাটালেন লালুপ্রসাদ যাদব, পাল্টা জাত শুমারির অস্ত্রে RJD বধে মরিয়া বিজেপি
বয়স বেড়েছে। কিডনি পরিবর্তন করেছেন। তারপরেও রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে ফেরার পরেই বিজেপির প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেছেন তিনি।
এদিন তিনি জাত শুমারি নিয়ে বিজেপিকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বিজেপি ও আরএসএসের লোকেদের তিনি জাত শুমারিতে বাধ্য করবেন। লালুপ্রসাদ যাদবের এই মন্তব্যের পরেই ফের একমার উত্তপ্ত হয়ে উঠেছে বিহারের রাজনীতি।

সোশ্যাল মিডিয়ায় বিজেপি ও আরএসএসকে আক্রমণ করে লালু যাদব বলেছেন, এই বিজেপি-আরএসএসের লোকেদের কান ধরে শাস্তি সভা করা হবে এবং তাদেরকে দিয়েই জাত শুমারির ব্যবস্থা করা হবে। তাদেরকে জাত শুমারিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লালু যাদব আরও বলেছেন, দলিত, অনগ্রসর শ্রেণী, আদিবাসী ও দরিদ্রদের ঐক্য দেখানোর সময় এসেছে।
পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লালু যাদবকে কটাক্ষ করে বলেছেন, আরজেডি গুণ্ডার মতো কথা বলছে। তাদের এইসব বন্ধ করা উচিত। তিনি বলেছেন, বিজেপিকে হুমকি দেওয়ার চেষ্টা করবেন না। বিজেপি এই ধরনের জিনিসে ভয় পায় না। আগামী বিধানসভা নির্বাচনে জনগণ তাঁকে ও তাদের দলকে যোগ্য জবাব দেবে বলেও দাবি করেন তিনি।
উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেছেন, লালুপ্রসাদ যাদব বিহারের জন্য অভিশাপ। তিনি বিহারী শব্দকে অভিশাপ বানিয়েছেন। তাদের হাত থেকে বিজেপি বিহারকে মুক্ত করার সংকল্প করেছে। এছাড়াও বিজেপি নেতা সাংসদ সঞ্জয় জয়সওয়ালও লালপ্রসাদ যাদবকে নিশানা করে বলেছেন, তিনি মিথ্যা করা বলছেন। বিহারে জাত শুমারি হয়েছিল এবং বিজেপি তাতে সমর্থন করেছিল। কেন কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে জাত শুমারি হয়নি, সেই প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications