১৬ এর নিচে সমাজমাধ্যমে লাগাম? কর্নাটকের ভাবনায় কড়া বিধিনিষেধ, আলোচনায় কেন্দ্রও

ডিজিটাল দুনিয়ায় কিশোরদের লাগাম টানতে উদ্যোগী আরও এক রাজ্য। গোয়া ও অন্ধ্রপ্রদেশের পর এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিল কর্নাটক। ১৬ বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধ আরোপের সম্ভাবনা খতিয়ে দেখছে সেখানকার সরকার। শুধু সামাজিক মাধ্যমেই নয়, অপ্রাপ্তবয়স্ক পড়ুয়াদের স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দেওয়ার ভাবনা শুরু হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সম্প্রতি সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকে এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, অস্ট্রেলিয়া ও কয়েকটি ইউরোপীয় দেশের মডেল সামনে রেখে ১৬ বছরের নিচের পড়ুয়াদের ক্ষেত্রে মোবাইল ও সমাজমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনার প্রস্তাব বিবেচনায় রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য নয়, কেবল কিশোর কিশোরীদের মানসিক সুস্থতা রক্ষাই এই উদ্যোগের লক্ষ্য। তাঁর কথায়, "অনেক শিশু সমাজমাধ্যমে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা তাদের মনোসংযোগ ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।"

সরকারি মহলের দাবি, অতিরিক্ত স্ক্রিন টাইম পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে ও শিশুদের মানসিক ভারসাম্যে প্রভাব ফেলছে। প্রশাসনের একাংশের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর করার রূপরেখা তৈরি করতে উপাচার্যদের মতামত নেওয়া হচ্ছে। তবে শিক্ষার প্রয়োজনে কোথায় কতটা ছাড় দেওয়া যেতে পারে, তা নিয়েও সমান্তরাল আলোচনা চলছে।

এই বিতর্ক এখন শুধু রাজ্যস্তরে সীমাবদ্ধ নয়। কেন্দ্রীয় স্তরেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বয়সভিত্তিক নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সমাজমাধ্যম সংস্থার সঙ্গে আলোচনা চলছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ও ব্যবহারকারীদের ক্ষতি এড়াতে আরও কঠোর নীতিমালার প্রয়োজন রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

আন্তর্জাতিক ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ করেছে। ফেসবুক, টিকটক, ইউটিউব, এক্স, স্ন্যাপচ্যাট ও ইন্স্ট্রাগ্রাম সহ একাধিক প্ল্যাটফর্মে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্লকও করা হয়েছে। ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ একই পথে এগিয়েছে।

ডিজিটাল স্বাধীনতা বনাম শিশু সুরক্ষা এই দুইয়ের ভারসাম্য রক্ষাই এখন নীতিনির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ। কিশোর প্রজন্মকে প্রযুক্তির সুফল দেওয়ার পাশাপাশি কুপ্রভাব থেকে দূরে রাখা সেই লক্ষ্যেই নতুন নীতির খসড়া তৈরির প্রস্তুতি শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+