রাজস্থানের কংগ্রেস দূর্গে বড় ফাটল! পাইলট-শিবির দিল্লি পৌঁছতেই রাজনীতির অঙ্ক তুঙ্গে
রাজস্থানের কংগ্রেস দূর্গে বড় ফাটল! পাইলট-শিবির দিল্লি পৌঁছতেই রাজনীতির অঙ্ক তুঙ্গে
আবারও এক কংগ্রেসের তরুণ তুর্কী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার রাস্তায় হাঁটছেন? মধ্যপ্রদেশের মতোই কি রাজস্থানেও সরকারের পতন হবে? কংগ্রেসের সচিন পাইলট শিবির কি সত্যিই বিজেপির দিকে ঝুঁকে? এত সমস্ত প্রশ্ন উস্কে দিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী বনাম উপমুখ্যমন্ত্রী সংঘাতের পারদ চড়িয়ে সচিন পাইলট ও তাঁর অনুগামীরা দিল্লি পৌঁছলেন। চড়ছ রাজপুত-ভূমের রাজনৈতিক পারদ।

সচিনের পদক্ষেপ
কয়েক মাস আগে হোলির উৎসবের সময় দিল্লি পৌঁছেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তারপর কী ঘটেছে তা তামাম ভারতবর্ষ জানে। এবার দিল্লি পৌঁছলেন কংগ্রেসের আরও এক তরুণ তুর্কী নেতা সচিন পাইলট। সঙ্গে তাঁর ২৩ জন অনুরাগী বিধায়ক। আর তার সঙ্গেই চড়ল রাজনৈতিক পারদ।

সচিনের পাল্লা ঝুঁকে রয়েছে বিজেপির দিকে?
সূত্রের দাবি, রাজস্থানের বিজেপি নেতারা গোপনে সচিন পাইলটের সঙ্গে কথা বলতে চাইছেন। এমন অভিযোগ রয়েছে অশোক গেহলটের ক্যাম্প থেকেও। মনে করা হচ্ছে কংগ্রেস হাইকমান্ড বারবার সচিনের বিভিন্ন দাবি দাওয়া অগ্রাহ্য করেছে, তার জেরেই সচিন কংগ্রেস নিয়ে বীতশ্রদ্ধ! ফলে ভাঙনের একটা বড়সড় পারদ রাজস্থানের রাজনীতিতে চড়ছে।

দিল্লিতে কেন সচিন শিবির?
এদিকে, দিল্লিতে সচিন পাইলটের শিবির পৌঁছতেই জল্পনা তুঙ্গে উঠেছে। জানা গিয়েছে, কংগ্রেস হাইকমান্ডের ডাকে সাড়া দিয়ে দিল্লি পৌঁছেছেন সচিন পাইলট। এর আগে , আহমেদ প্যাটেলের সঙ্গেও দেখা করে রাজস্থান কংগ্রেসের অন্তর্বর্তী পরিস্থিতি জানান সচিন পাইলট। তাঁর মূল ক্ষোভ অশোক গেহলটের বিরুদ্ধে। আর সেই নিয়েই আহমেদ প্যাটেলের সঙ্গে সচিনের কথা হয়েছে।

গেহলট আগে কী জানিয়েছিলেন?
করোনা আবহের মধ্যেই রাজস্থানে সরকার ফেলার ছক কষছে বিজেপি। মধ্যপ্রদেশ এবং কর্নাটকের কংগ্রেস সরকার ফেলার ছকেই এগোচ্ছে বিজেপি। অপারেশন লোটাস চালাতে বিধায়কদের ১০ থেকে ১৫ কোটি টাকার টোপ দেওয়া হয়েছিল রাজস্থানে। শনিবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।












Click it and Unblock the Notifications