Rajasthan Election 2023: রাজস্থানে একাধিক আসনে পারিবারিক যুদ্ধ! স্বামীর সঙ্গে স্ত্রী, কাকার সঙ্গে ভাইজির লড়াই
Rajasthan Assembly Election 2023: রাজস্থানে আসন্ন বিধানসভা নির্বাচনে চারটি আসনে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা। এই আসনগুলিতে পরিবারের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে সামিল হয়েছেন।
ঝুনঝুনুর খেতরি আসনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন ধরমপাল গুর্জর। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী ভাই দাতারাম গুর্জরের কন্যা মণীষা গুর্জর। বিজেপি তাঁকে টিকিট না দেওয়ার বিদ্রোহ করেন এবং কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস তাঁকেই প্রার্থী করে।

সিকারের দাঁতা রামগড় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের বীরেন্দ্র চৌধুরী। তিনি বর্তমান বিধায়ক। কংগ্রেস আবার তাঁকে এই আসনেই প্রার্থী করেছেন। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন, হরিয়ানার জননায়ক জনতা পার্টি প্রার্থী রীতা চৌধুরী। সম্পর্কে রীতা চৌধুরী। বীরেন্দ্র চৌধুরীর স্ত্রী।
গত বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতি নারায়ণ সিংয়ের ছেলে বীরেন্দ্র চৌধুরী দাঁতা রামগড় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজেপি প্রার্থী মাত্র ৯২০ ভোটে হারিয়ে জয়ী হন। তাঁর স্ত্রী রীতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মহিলাদের ক্ষমতায়ন এবং পানীয় জলের মতো বিষয়গুলিতে তিনি জোর দিচ্ছেন। রীতা চৌধুরী জানিয়েছেন, তিনি জনগণের মধ্যেই সক্রিয় ছিলেন, তাই নির্বাচনে তিনি এই আসনে জয়লাভের ব্যাপারে আত্মবিশ্বাসী।
পরিবার ঐতিহ্যগতভাবে কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেও, গত অগাস্টে রীতা চৌধুরী দুষ্যন্ত চৌতালার জেজেপিতে যোগ দেন। নতুন দলের তরফে রীতা চৌধুরীকে দলের মহিলা শাখার রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়। রীতা জানিয়েছেন, ২০১৮ সালে তিনি কংগ্রেসের টিকিট পাওয়ার আশা করেছিলেন। কিন্তু দল তাঁর স্বামীকে বেছে নেওয়ায় আশাভঙ্গ হয়। তখন থেকেই তিনি নিজের ঘাঁটি শক্ত করতে শুরু করেন।
নাগৌর আসনে বিজেপি প্রাক্তন কংগ্রেস সাংসদ জ্যোতি মির্ধাকে প্রার্থী করেছে। এই আসনে কংগ্রেস প্রার্থী তাঁর কাকা হরেন্দ্র মির্ধা। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিজেপির মোহন রাম চৌধুরী কংগ্রেসের হাবিবুর রহমানকে ১৩ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন।
ধোলপুর বিধানসভা আসনে একই পরিবারের দুই সদস্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই দলবদল করেছেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির শোভারাণী কুশওয়াহ তাঁর শ্যালক শিবচরণ কুশওয়াহকে পরাজিত করে আসনটিতে জয় পান। পরে রাজ্যসভা নির্বাচনের সময় ক্রস ভোটিংয়ের কারণে বিজেপি তাঁকে বহিষ্কার করে। তিনি কংগ্রেসে যোগ দেন, এবার তিনি এই আসনে কংগ্রেস প্রার্থী। অন্যদিকে শিবচরণ কুশওয়াহ এবার ওই একই আসনে বিজেপি প্রার্থী।
রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২৫ নভেম্বর। এই নির্বাচনে প্রার্থী রয়েছেন ১৮৭৫ জন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৬৯২ জন এবং মহিলা প্রার্থী ১৮৩ জন।












Click it and Unblock the Notifications