Rahul Gandhi: মণিপুরের থেকে ইজরায়েল নিয়ে বেশি ভাবিত প্রধানমন্ত্রী, মিজোরামে প্রচারে গিয়ে মোদীকে নিশানা রাহুলের
ইজরায়েলে যুদ্ধ চলছে। তাই ভেবে ঘুম হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে নিজের দেশের মণিপুরে যে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে সেদিকে হুঁশ নেই। উত্তর পূর্বের রাজ্য মণিপুরে প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সামনেই বিধানসভা ভোট মিজোরামে। নভেম্বরের ৭ তারিখে উত্তর পূর্বের এই রাজ্যের ৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহন। কাজেই এখন থেকেই প্রচারে শান দিয়েছে রাজনৈতিক দলগুলি। আজ প্রথম মিজোরামে সভা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মিজোরামের রাজধানী আইজলের চানমারি থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রা করেন তিনি।

আজ এবং আগামীকাল দুদিন মিজোরামে প্রচার করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথম দিনের প্রচারেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তীব্র আক্রমণ শানিয়ে রাহল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী মোদী মণিপুরের থেকে বেশি ইজরায়েলকে নিয়ে চিন্তিত।
প্রসঙ্গত উল্লেখ্য প্রায় ৬ মাস ধরে অশান্তি থামছে না মণিপুরে। সেখানেই মেইতেই সম্প্রদায়ের সংরক্ষণকে কেন্দ্র করে সংঘর্ষের সূচনা হয়। কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে এক প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে সেখানে। গ্রামের পর গ্রাম জ্বলছে। কয়েক শত মানুষের মৃত্যু হয়েছে। কিছুতেই মণিপুরকে শান্ত করা যাচ্ছে না।
রাহুল গান্ধী অভিযোগ করেছেন মোদী সরকার জিএসটি চালু করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের সংকটে ফেলেছে। কেবল আদানিদের বড়লোক করে চলেছেন প্রধানমন্ত্রী মোদী এমনই নিশানা করেছেন তিনি। আজ বিকেলে আইজলে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন রাহুল গান্ধী। এদিকে ভোট সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে মিজোরামে ত্রিশঙ্কু ফলাফল আসতে চলেছে।












Click it and Unblock the Notifications