রাহুলের ভারত জোড়ো যাত্রার সমাপনীতে কি দেখা যাবে বিরোধী ঐক্য, উপস্থিত থাকবে কারা
রাহুলের ভারত জোড়ো যাত্রার সমাপনীতে কি দেখা যাবে বিরোধী ঐক্য, উপস্থিত থাকবে কারা
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমাপন হচ্ছে সোমবার। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সেই সমাপনী অনুষ্ঠানকে ঘিরে বিরোধী ঐক্যের ছবি ফুটিয়ে তোলার এক প্রচেষ্টা চলছে অনেকদিন ধরেই। কংগ্রেসের তরফে ২১টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাদের মধ্যে ক-টি দলের সাড়া মিলবে তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

সোমবার ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে ভারত জোড়ো যাত্রা শেষ করবেন কংগ্রেসে সাংসদ রাহুল গান্ধী। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু করেছিলেন তিনি। তারপর ১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পেরিয়ে রাহুলের ভারত জোড়ো পৌঁছে গিয়েছে কাশ্মীরে।
কাশ্মীরে প্রবেশের পর যত এগিয়েছে তত মানুষ ভিড় জমিয়েছেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায়। কংগ্রেসের নেতৃত্বাধীন পদযাত্রায় এনপি ও পিডিপির সমর্থন ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এতটাই ভিড় ছিল যে নিরাপত্তার বজ্র আঁটুনিও ভেঙে পড়ে একটা সময়। ফলে নির্দিষ্ট সময়ের আগেই শুক্রবার বন্ধ করে দিতে হয়েছিল ভারত জোড়ো যাত্রা।
শনিবার অবন্তীপুরায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি রাহুল গান্ধীর সঙ্গে পা মেলানোকে ঘিরে ভারত জোড়ো যাত্রায় উন্মাদনা চোখে পড়ার মতো। ৩০ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে দেশের ২১টি বিজেপি বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। বাংলা থেকে তৃণমূল, উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, অন্ধ্রপ্রদেশ থেকে টিডিপি ও কর্নাটক থেকে জেডিএস এই অনুষ্ঠান এড়িয়ে যেতে পারে।
সোমবার ভারত জোড়ো যাত্রার সমাপনী অনুষ্ঠানে ১২টি বিরোধী দল জোড়া যাত্রায় সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে। অর্থাৎ ৯টি দল অনিশ্চিত ভারত জোড়ো যাত্রার সমাপনীতে। ৯টি দলের অধিকাংশই নিরাপত্তার কারণ দর্শিয়ে সরে থাকছে রাহুলের অনুষ্ঠান থেকে।
তবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমাপনীতে থাকবে এম কে স্ট্যালিনের ডিএমকে, শারদ পাওয়ারের এনসিপি, তেজস্বী যাদবের আরজেডি, নীতীশ কুমারের জেডিইউ, উদ্ধব ঠাকরের শিবসেনা, সিপিএম, সিপিআই, কেরালা কংগ্রেস, ভিসিকে, ফারুক আবদুল্লার জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিডিপি, শিবু সোরেনের জেএমএম শ্রীনগরের অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য, ১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পেরিয়ে শ্রীনগরে ভারত জোড়ো যাত্রার শেষ হবে। ১৪৫ দিনের এই যাত্রা শেষ হচ্ছে সোমবার। মোট ৩৯৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন রাহুল গান্ধী। ভারতের ইতিহাসে দীর্ঘতম যাত্রা হিসেবে নজির সৃষ্টি করে সোমবার শেষ হচ্ছে রাহুলের ভারত পরিক্রমা।












Click it and Unblock the Notifications