লোকসভায় বিরোধী নেতা হতে চলেছেন রাহুল গান্ধী! কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব
দশ বছর পরে সংসদে বিরোধী দলনেতা পাচ্ছে দেশ। রাহুল গান্ধী লোকসভার বিরোধী নেতা হতে চলেছেন। এদিন কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে এব্যাপারে প্রস্তাব নেওয়া হয়েছে। এদিন নয়াদিল্লির অশোক হোটেলে হওয়া কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে অংস নেন মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী।
বৈঠকে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলের নে তা করতে সর্বসম্মত দাবি তোলা হয়। প্রসঙ্গত, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রাহুল গান্ধী রায়বরেলি আসনটি রেখে ওয়ানাডের আসনটি ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন। নির্বাচলে ফল বেরনোর ১৪ দিনের মধ্যে এবং শপথ গ্রহণের আগে রাহুল গান্ধীকে এব্যাপারে জানাতে হবে।

এদিন ওয়ার্কিং কমিটির উদ্বোধনী ভাষণে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান, ভারত জোড়ো যাত্রা যেখান দিয়ে গিয়েছে, সেখানেই কংগ্রেসের ভোটের শতাংশ কিংবা আসন বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, কংগ্রেস মণিপুরের দুটি আসনেই জয়ী হয়েছে। এছাড়া অসম, মেঘালয় এবং নাগাল্যান্ডে আসন পেয়েছে কংগ্রেস। কংগ্রেস মহারাষ্ট্রে একক বৃহত্তম দল হয়েছে। দেশের গণতন্ত্র এবং সংবিধান বাঁচাতে সর্বস্তরের মানুষ কংগ্রেসকে সমর্থন করেছিল বলে দাবি করেন তিনি।
মল্লিকার্জুন খাড়গে জানান, এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু এলাকার পাশাপাশি গ্রামীণই এলাকাতেও কংগ্রেসের আসন বৃদ্ধি পেয়েছে। তবে কিছু রাজ্যে কংগ্রেস ক্ষমতা ও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি বলেও জানান তিনি। কংগ্রেস বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছিল কিংবা রাজ্যে সরকার ছিল, এমন যেসব রাজ্যে এবার কংগ্রেসের ফল ভাল হয়নি, সেইসব রাজ্য নিয়ে আলাদা করে বৈঠক হবে।
মল্লিকার্জুন খাড়গে বলেন, দলের নেতাদের অবশ্যই সুশৃঙ্খল এবং ইক্যবদ্ধ হতে হবে। কারণ জনগণ বিশ্বাস ফিরিয়ে দিয়েছে। সেই বিশ্বাসকে অটুট রাখতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া ব্লকের দলগুলির ভূমিকাও স্মরণ করেছেন।
এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে লোকসভায় বিরোধী দলের নেতার নাম নিয়েও আলোচনা করা হয় বলে সূত্রের খবর। রাহুল গান্ধীকে দলের তরফে বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব নিয়ে রাহুল গান্ধী বলেছেন, তিনি বিষয়টি নিয়ে ভেবে দেখবেন।
২০১৪-তে ক্ষমতা থেকে সরার ১০ বছর পর কংগ্রেস এবার লোকসভায় বিরোধী দলের নেতার পদ পাবে। গত ১০ বছরে কংগ্রেস বিরোধী দলনেতা পদ পায়নি। কারণ ২০১৪ ও ২০১৯-এ লোকসভায় কংগ্রেসের আসন সংখ্যা মোট সংখ্যার দশ শতাংশের নিচে ছিল।
এদিন ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হওয়ার আগে কংগ্রেসের অনেক নেতাই রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী নেতার দায়িত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন। কংগ্রেস নেতা বীরপ্পা মইলি বলেন, রাহুল গান্ধীকে এলওপির দায়িত্ব নিতে হবে। কেননা জনগণ তাঁকে চায়। কংগ্রেস ছাাড়াও ইন্ডিয়া ব্লকের নেতারাও তাঁকে চান বলে দাবি করেন বীরপ্পা মইলি।












Click it and Unblock the Notifications