'ধর্ম পাল্টালেও জাত নয়'! বিয়ে বা ধর্মান্তরের পরেও অটুট থাকে জাতিগত পরিচয়, স্পষ্ট জানিয়ে দিল হাই কোর্ট
ধর্মান্তর অথবা বিয়ের কারণে কারও জন্মসূত্রে পাওয়া জাতিগত পরিচয় বদলে যায় না, ঠিক এরকমই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে যে, ধর্ম পরিবর্তন করা যেতে পারে, কিন্তু জাত সবসময়ই অপরিবর্তিত থাকে। বিয়ের পরেও কোনও মহিলার জাত বদলে যায় না।

মামলার পটভূমি
এই মন্তব্যটি আসে একটি ফৌজদারি মামলায়। দিনেশ নামে এক ব্যক্তি এবং আরও আট জন আলিগড়ের বিশেষ আদালতের (এসসি/এসটি আইন) সমন জারির নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং এসসি (SC), এসটি আইনের ৩(১)(আর) ধারায় মামলা রুজু হয়েছিল। অভিযোগ, এক মহিলাকে মারধর এবং জাতিগত কটূক্তি করা হয়। ঘটনায় তিনি-সহ আরও তিন জন আহত হন। অভিযোগকারিণী, সাক্ষীদের বয়ান এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি দেখার পর ট্রায়াল কোর্ট অভিযুক্তদের সমন জারি করে।
অভিযুক্তদের যুক্তি
হাই কোর্টে অভিযুক্তদের দাবি ছিল যে, ওই মহিলা জন্মসূত্রে তফসিলি জাতির মানুষ। কিন্তু তও তিনি পরে জাট সম্প্রদায়ের এক ব্যক্তিকে বিয়ে করেছেন। সেই কারণে নাকি তাঁর জাতিগত পরিচয় নাকি আর আগের মতো নেই। তাই এসসি/এসটি আইনে সেই মামলা টেকসই নয়।
তাঁরা আরও দাবি করেন যে, তাঁদের পক্ষ থেকে আগেও একটি এফআইআর দায়ের করা হয়েছিল। আর এই অভিযোগটি নাকি তার পাল্টা পদক্ষেপ।
আদালতের সিদ্ধান্ত
হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, প্রাথমিক নথি এবং সমস্ত প্রমাণ খতিয়ে দেখেই ট্রায়াল কোর্ট সমন জারি করেছে। শুধুমাত্র পাল্টা মামলা রয়েছে বলেই অভিযোগ খারিজ করা যায় না।
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ধর্ম পরিবর্তন অথবা বিয়ে, কোনওটাই জাতিগত পরিচয় কখনও বদলাতে পারে না। আর সেই কারণে অভিযুক্তদের যুক্তি গ্রহণযোগ্য নয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।












Click it and Unblock the Notifications