জাতীয় সড়কে আসছে কিউআর কোড সাইনবোর্ড,যাত্রাপথ হবে আরও নিরাপদ ও সুবিধাজনক
দেশের জাতীয় সড়ক ব্যবস্থায় এবার প্রযুক্তির ছোঁয়া নিয়ে আসতে চলছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও তথ্যসমৃদ্ধ করতে এক বড় পদক্ষেপ নিল কেন্দ্র। খুব শীঘ্রই দেশের বিভিন্ন জাতীয় সড়কে বসানো হবে কিউআর কোডযুক্ত সাইনবোর্ড, যা যাত্রীদের হাতে মাত্র এক স্ক্যানেই পৌঁছে দেবে প্রয়োজনীয় তথ্য।

শুক্রবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ তথা এন এইচ এ আই জানিয়েছে, নতুন এই উদ্যোগ যাত্রীদের জন্য পথচলা অনেক সহজ করে তুলবে। তবে শুধু রাস্তা নয়, জরুরি পরিষেবা, কাছাকাছি হাসপাতাল, পেট্রল পাম্প বা টোল প্লাজা সহ বেশকিছু তথ্য পাওয়া যাবে এক জায়গায়।
মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি কিউআর সাইনবোর্ডে পাওয়া যাবে সংশ্লিষ্ট জাতীয় সড়কের নম্বর ও প্রকল্পের বিবরণ সহ দৈর্ঘ্য, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সময়কাল, হাইওয়ে প্যাট্রোল, টোল ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার ও রেসিডেন্ট ইঞ্জিনিয়ারের ফোন নম্বর,জরুরি হেল্পলাইন ১০৩৩,
ও এন এইচ এ আই এর স্থানীয় ফিল্ড অফিসের যোগাযোগের তথ্য।
এছাড়া আরও জানা যাবে কাছাকাছি হাসপাতাল,থানা, রেস্তোরাঁ, টয়লেট, পেট্রল পাম্প, ট্রাক পার্কিং জোন, টোল প্লাজা, পাংচার সারাই, সার্ভিস স্টেশন ও ই চার্জিং পয়েন্টের অবস্থান সহ বেশকিছু তথ্য।
যাত্রীদের সহজেই যাতে চোখে পড়ে সেকারণেই এই কিউআর কোড বোর্ড বসানো হবে বিরতির জায়গা, টোল প্লাজা, ট্রাক লে বাই, সড়কের শুরু ও শেষ প্রান্ত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে। এর ফলে পথ চলতে কোনও বিভ্রান্তি বা জরুরি অবস্থায় যোগাযোগে দেরি হবে না।
কেন্দ্রীয় মন্ত্রকের দাবি সড়ক নিরাপত্তা ও যাত্রী অভিজ্ঞতায় এটি বড় পদক্ষেপ,এই প্রযুক্তি নির্ভর উদ্যোগ শুধু রাস্তার নিরাপত্তা বাড়াবে না, উপরন্তু যাত্রীদের জরুরি তথ্যপ্রাপ্তি দ্রুত করবে। পাশাপাশি, এটি জাতীয় সড়ক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও সচেতনতা বৃদ্ধি করবে।
অন্যদিকে, অর্থনৈতিক দিক থেকেও আশাবাদী এন এইচ এ আই। সংস্থাটি জানিয়েছে, যদি সময়মতো নির্ধারিত রোড অ্যাসেটগুলির মনিটাইজেশন সম্পন্ন করা যায়, তবে ২০২৬ অর্থবর্ষে ৩৫,০০০ থেকে ৪০,০০০ কোটি টাকা রাজস্ব আসতে পারে।
এটি ২০২৫ অর্থবর্ষে সংগৃহীত ২৪,৩৯৯ কোটি টাকার তুলনায় বিশাল বৃদ্ধি, ২০২৬ সালের ৩০,০০০ কোটি টাকার বাজেট লক্ষ্যকেও ছাড়িয়ে যেতে পারে, বলছে রেটিং সংস্থা আই সি আর এ ।
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ অর্থবর্ষ থেকে এনএইচএআই প্রতি বছর মনিটাইজেশনের জন্য নির্ধারিত সম্পদের তালিকা প্রকাশ করছে, যাতে প্রকল্পগুলিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বজায় থাকে।
তবে জাতীয় সড়কে এবার শুধু রাস্তাই নয় সহযাত্রী হবে উন্নত প্রযুক্তিও একথা বলাই যায়। যাত্রাপথ হবে আরও মসৃণ, নিরাপদ ও তথ্যসমৃদ্ধ।












Click it and Unblock the Notifications