Putin India Visit: প্রস্তুতি তুঙ্গে! ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন; মোদীর আমন্ত্রণে সাড়া
Putin India Visit: তৃতীয়বার দিল্লির মসনদে বসেই প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা জানালেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। দিনক্ষণ নির্দিষ্ট করে না জানালেও লাভরভ বলেন, এব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে।
দিনকয়েকের মধ্যেই ভারত সফরে আসতে পারেন পুতিন। এদিন লাভরভ আরও বলেন, "তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফরে রাশিয়া এসেছিলেন। এবার আমাদের পালা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন। সেইমতো সফরসূচি প্ল্যান করা হচ্ছে।" ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ সুদৃঢ় করাই এই সফরের উদ্দেশ্য বলে উল্লেখ করেন লাভরভ।

রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল বা RIAC-এর তরফে আয়োজিত একটি বিশেষ সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেখানেই পুতিনের ভারত সফরের কথা জানান লাভরভ। গত ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম ভারতে আসছেন পুতিন। অর্থনীতি নিয়ে পুতিনের ২০৩০ সালের রোডম্যাপ বা লক্ষ্যমাত্রা আরও এগিয়ে নিয়ে যেতে ভারত সফরে আসবেন পুতিন।
বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের বেশি অঙ্কের দ্বিপাক্ষিক বাণিজ্য করার প্রস্তাবেও সম্মত হয়েছে ভারত ও রাশিয়া দুই দেশই। চিন-ভ্লাডিভস্তক ট্রেড করিডরের মাধ্যমে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা। বর্তমানে রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্যের অঙ্ক প্রায় বার্ষিক ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি। চলতি সপ্তাহেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছিলেন, নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মসৃণ ও মজবুত করত চায় মস্কো।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও চিঠি লিখেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সেখানে পুতিন লেখেন, "রাশিয়া ও ভারতের সম্পর্ক কৌশলগতভাবে বিশেষ সুবিধার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর তাই আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক দ্বিপাক্ষিক সহাবস্থানের মাধ্যমে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করতে পারব বলে আত্মবিশ্বাসী।"












Click it and Unblock the Notifications