VK Pandian:পুরীই হবে ওডিশার অর্থনীতির প্রাণকেন্দ্র, কীভাবে সাজানো হচ্ছে জগন্নাথ ধামকে? জানালেন ভিকে পাণ্ডিয়ান
গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দিরকে কেন্দ্র করে একদিকে যেমন সেজে উঠছে অযোধ্যা নগরী তেমনই আবার নতুন ভাবে সাজানো হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরকেও। ইতিমধ্যেই বিপুল অঙ্কের একটি প্রকল্প চালু করেছে ওডিশা সরকার। আগামী দিনেই পুরীই যে ওডিশার অর্থনীতির প্রাণ কেন্দ্র হবে তা জানিয়ে দিলেন ফাইভটির চেয়ারম্যান ভিকে পাণ্ডিয়ান।
রবিবার ভিকে পাণ্ডিয়ান বলেন যে, পুরী রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হবে এবং আগামী দিনে বিশ্ব ঐতিহ্যের শহর হিসাবে বিকশিত হবে। তালাবনিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ফাইভটির চেয়ারম্যান বলেছেন যে, কিছু মহলের বিরোধিতা সত্ত্বেও পুরীকে একটি বিশ্ব ঐতিহ্যের শহরে রূপান্তর করার জন্য কাজ চলছে।

যে কোনও উপায়ে পুরী শহরের উন্নয়ন বন্ধ করার ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ করেন পাণ্ডিয়ান। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নির্বাচনী লাভের জন্য এই জাতীয় প্রকল্পগুলি বাস্তবায়ন করছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থ রক্ষায় কাজ করছেন।
পুরী তথা রাজ্যের উন্নয়নের তথ্য তুলে ধরার সঙ্গে সঙ্গেই নবীন পট্টনায়েকের সেনাপতি সুকৌশলেে ভোটের প্রচারও করেন। ভিকে পাণ্ডিয়ান ব্রহ্মগিরি এবং পুরী সদর বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের নির্বাচনে বিজেডিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শ্রীমন্দির পরিক্রমা প্রকল্পের কথা উল্লেখ করে পান্ডিয়ান বলেন, ৫০০ বছরে যা করা যায়নি তা তিন বছরেই শেষ করেছেন মুখ্যমন্ত্রী।
পরিক্রমা প্রকল্পটি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে পাণ্ডিয়ান বলেছিলেন যে মুখ্যমন্ত্রী অনেকের পরামর্শের বিরুদ্ধে এটি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফাইভটি-র চেয়ারম্যান বলেছেন যে একটি বিশেষ বাস পরিষেবা শীঘ্রই পুরীতে চালু হবে। এছাড়াও, সমস্ত পঞ্চায়েত সদর দফতরে ব্যাঙ্কের শাখাও খোলা হবে।
৮০০ কোটি টাকার করিডরের ফলে যাঁরা পুরীর জগন্নাথ মন্দিরের দর্শনে যাচ্ছেন, তাঁরা অত্যন্ত লাভবান হবেন। কারণ সেখানে পার্কিং এলাকা এবং ব্রিজ গড়ে তোলা হয়েছে। ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য আছে রাস্তা। আছে পুণ্যার্থীকেন্দ্র, জিনিসপত্র রাখার জায়গা, শৌচাগারের মতো পরিকাঠামো। দর্শনার্থীরা যাতে বিশ্রাম নিতে পারেন, সেজন্যও বিশেষ কক্ষের বন্দোবস্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications