'বালিকা বধূ' অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকে শ্লীলতাহানি ৮ 'পুলিশকর্মীর'!
মুম্বই, ৫ জানুয়ারি : টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে ৮ জন তাঁর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। প্রত্যুষা জানিয়েছেন প্রত্যেকেই নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল। মুম্বইয়ের কান্দিভালি এলাকায় তাঁর বাড়ির ভিতর এই ঘটনা ঘটেছে বলে কান্দিভালি থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী।
বালিকাবধূ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ৮ জন মিলে জোর করে তাঁর কান্দিভালির ফ্ল্যাটে ঢুকে পড়ে। তারপর তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে থাকে। কান্দিভালি থানায় খবর দেওয়ার হুমকি দিলে তবে ওই ৮ পুলিশ বাড়ি থেকে বেরিয়ে যায়।

যদিও পুলিশ আধিকারিকদের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও পুলিশ কর্মীই সাদা পোশাকে সোমবারদিন প্রত্যুষার বাড়িতে ঢোকেনি। এবং অভিনেত্রীর সঙ্গে কোনও পুলিশকর্মী কোনওরকমের অভব্য আচরণ করেনি।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রত্যুষার সঙ্গে রাহুল সিং নামের এক ব্যক্তিও থাকেন ওই ফ্ল্যাটে। যাঁর বিরুদ্ধে গাড়ির ঋণের টাকা উদ্ধার করতে যাওয়া এজেন্ট অমিত দলভিকে মারধর করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত ৩১ ডিসেম্বর এই ঘটনাটি ঘটে।
Actor Pratyusha Banerjee files FIR in Kandivali PS,says "8 policemen tried barging in my house & misbehaved with me" pic.twitter.com/eN46nI8RV4
— ANI (@ANI_news) January 5, 2016 এরপর পুলিশ কর্মীদের নিয়ে দলভি রাহুলের বাড়িতে যায়। কিন্তু সেখানে রাহুলের খোঁজ মেলেনি।
সোমবার আবার পুলিশকর্মীরা রাহুলের খোঁজে ওই বাড়িতে যায়। কিন্তু প্রত্যুষার মা জানিয়ে দেন রাহুল গোয়া গিয়েছে। একথা শুনে পুলিশ কর্মীরা ফিরে আসে। এর বাইরে কোনও ঘটনা ঘটেনি। সেদিন অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণ করা তো দূরের কথা, তাঁর সঙ্গে পুলিশ কর্মীদের দেখাও হয়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
তবে প্রত্যুষা এই ঘটনায় ৮ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কান্দিভালি থানায়।
এই সংক্রান্ত আরও কিছু খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications