One nation One Election: যদি সঠিক উদ্দেশ্য নিয়ে করা হয়...এক দেশ এক ভোট প্রথা প্রসঙ্গে প্রশান্ত কিশোর
ভোটকৌশলী প্রশান্ত কিশোর এক দেশ এক ভোট প্রথা কার্যত সমর্থন করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন সঠিক উদ্দেশ্য নিয়ে করলে এক দেশ এক ভোট সঠিক সিদ্ধান্ত। একাধিক বিরোধী দল নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ঠিকই, কিন্তু তার আগে কেন্দ্রের উদ্দেশ্য খতিয়ে দেখা দরকার ছিল।
ভোটকৌশলী প্রশান্ত কিশোর সোমবার কেন্দ্রের 'এক দেশ এক নির্বাচন' প্রথা চালু করার পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, "যদি ৪-৫ বছরের ট্রানজিশন পর্বের সঙ্গে সঠিক উদ্দেশ্য নিয়ে তা করা হয়, তবে তা দেশের জন্য মঙ্গলই হবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর এই কথা জানিয়েছেন।

এর আগে দেশে স্বাধীনতার পর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ১৮ বছর ধরে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর ভেঙে যায় এই প্রথা। এবার প্রশান্ত কিশোর একই সময়ে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনের পক্ষে সওয়াল করলেন। এর ফলে কী সুবিধা হতে পারে, তার কারণও ব্যাখ্যা করলেন।
তিনি বলেন, "ভারতের মতো বড়ো দেশে প্রতি বছর দেশের প্রায় ২৫ শতাংশ মানুষ ভোট দিচ্ছেন। তাই নির্বাচনের এই বৃত্তে সদা ব্যস্ত থাকতে হচ্ছে সরকার পরিচালনাকারীদের। এটি যদি এক বা দুবারে সীমাবদ্ধ থাকে তবে এর থেকে আর ভালো কিছু হতে পারে না।
তিনি বলেন, এর ফলে খরচ কমবে এবং দেশবাসীকে শুধুমাত্র একবার সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি রাতারাতি পরিবর্তনের চেষ্টা করেন, তবে তা নিয়ে সমস্যা বেশি হয়। সরকার সম্ভবত একটি বিল আনছে। সেই বিল আসুক। যদি সরকারের ভালো উদ্দেশ্য থাকে, তবে তা হওয়া উচিত। এটি দেশের জন্য মঙ্গলজনক হবে।
প্রশান্ত কিশোর বলেন, এক দেশে এক ভোট সরকার কোন উদ্দেশ্য নিয়ে চালু করতে চাইছে, সেটা সবার আগে দেখতে হবে। নির্বাচনী ফয়াদা তোলার জন্য যদি এটা করতে চায় কেন্দ্র, তবে তা হবে খুবই ক্ষতিকর। প্রশান্ত কিশোরের এই 'এক দেশ এক ভোট' সমর্থন এমন সময়ে আসতে চলেছে, যখন কংগ্রেস-সহ ২৮টি বিরোধী দল একযোগে নির্বাচনের বিরোধিতা করছে।
রবিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী 'এক দেশ এক নির্বাচন' পদক্ষেপের বিরোধিতা করে বলেন, এই সিদ্ধান্ত ভারতীয় ইউনিয়ন এবং ভারতের রাজ্যের উপর আক্রমণ। তার আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে আইনমন্ত্রক দ্বারা গঠিত প্যানেলে যোগ দিতে অস্বীকার করেছিলেন।












Click it and Unblock the Notifications