Prashant Kishor: শীঘ্রই রাজনৈতিক দলে পরিণত হবে জন সুরাজ! ভবিষ্যতকে শক্ত করতে বড় পরিকল্পনা প্রশান্ত কিশোরের
Prashant Kishor: প্রস্তুতি নিয়েছেন অনেকদিন ধরেই। নির্বাচন কমিশনে জন সুরাজের নথিভুক্তিও হয়েছে। এবার আনুষ্ঠানিক রাজনৈতিক দলে পরিণত হওয়ার পালা জন সুরাজের। রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর জানিয়েছেন, তাঁর আন্দোলন শীঘ্রই আনুষ্ঠানিক রাজনৈতিক দলের রূপ নেবে।
প্রসঙ্গত, গত ২০২২-এর ২ অক্টোবর প্রশান্ত কিশোরপ চম্পারণের ভিতিহারওয়া গান্ধী আশ্রম থেকে তাঁর পদযাত্রা শুরু করেছিলেন। তারপরে প্রশান্ত কিশোর বিহারের হাজার হাজার গ্রামে গিয়েছেন। স্থানীয় অসুবিধাগুলি তিনি লিপিবদ্ধ করেছিলেন। বলা ভাল, মহাত্মা গান্ধীও এই জায়গা থেকেই তাঁর সামাজিক ও রাজনৈতিক যাত্রার অন্যতম ক্ষেত্র শুরু করেছিলেন।

রবিবার প্রশান্ত কিশোর পটনার জ্ঞান ভবনে জেলা স্তরের সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হন। সেখানে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর জানিয়েছেন, আগামী ২০২৪-এর ২ অক্টোবর তাঁর নতুন রাজনৈতিক দলের পথ চলা শুরু হবে।
তিনি বলেছেন, জন সুরাজ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে টিকিট বিতরণ শুরু করবে। দল থেকে ন্যূনতম ৪০ জন মহিলাকে টিকিট দেওয়া হবে। ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, ২০২৫-এর বিধানসভা নির্বাচনে তাঁদের দল বিহারের ২৪৩ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করবেন না বলেও জানিয়েছেন তিনি।
ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা প্রশান্ত কিশোরের দল জন সুরাজে যোগদান করেছেন। সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনের আগে বিহার এমএলসির সদস্য সচ্চিনান্দ রাই জন সুরাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জানান, আপাতত বিজেপিকে সমর্থন করলেও নির্বাচনের পরে প্রশান্ত কিশোরের সঙ্গে কথা বলবেন। শুধু এই নেতাই নন, এবারের সাধারণ নির্বাচনে জন সুরাজের সঙ্গে যুক্ত অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচার করেছেন। প্রশান্ত কিশোরই তাঁদেরকে সেই স্বাধীনতা দিয়েছিলেন বলে জানা গিয়েছে।
এর আগে প্রশান্ত কিশোর বলেছিলেন, তাঁর আদর্শ কংগ্রেস দলের কাছাকাছি। প্রশান্ত কিশোর বিহারের গ্রামে গ্রামে ঘোরার সময় রাজ্যবাসীর কাছে জাতপাত নয়, শিক্ষা, স্বাস্থ্য এবং সন্তানদের প্রভাবিত করে এমন অন্য দিক নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। মুসলিম হোক কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা কেউ যাতে কোনও রাজনৈতিক দলের ভোট ব্যাঙ্কে পরিণত না হন সেই আবেদনও জানিয়েছেন প্রশান্ত কিশোর।
জন সুরাজ যাত্রায় প্রশান্ত কিশোর অর্ধ শিক্ষিত থেকে শুরু করে আইআইটি, আইআইএমের স্নাতকদের সঙ্গেও যোগাযোগ করে প্রস্তাবিত রাজনৈতিক দলের ভিত তৈরির চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি গ্রাম সফরের সময় সাধারণ মানুষদের প্রত্যেক গ্রামের জন্য রোড ম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রশান্ত কিশোরের জন সুরাজ যাত্রা শেষ হবে।












Click it and Unblock the Notifications