দিল্লির পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন পুলিশকর্মীদেরই
দিল্লির পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন পুলিশকর্মীদেরই
মঙ্গলবার দিল্লি পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান পুলিশকর্মীরাই। দফতর ঘেরাও করে রাখেন অনেকক্ষণ। শনিবার দিল্লির তিস হাজারি কোর্টের বাইরে গাড়ি পার্কিং নিয়ে পুলিশ-আইনজীবী সংঘর্ষের প্রতিবাদেই এই বিক্ষোভ প্রদর্শন বলে জানা গিয়েছে। এদিন তারা তাঁদের উর্দিতে কালো ব্যান্ড ও লাগান ঘটনার প্রতিবাদ জানাতে। প্রসঙ্গত, ঘটনার প্রতিবাদে গতকালই ধর্মঘট ডেকেছিলেন আইনজীবীরা। আর সেই ধর্মঘটের একদিন পরেই প্রতিবাদে রাস্তায় নামলেন পুলিশকর্মীরা।

এদিকে দিল্লির তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। রবিবার ছুটির দিনে দিল্লি হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে এই বিষয়টি নিয়ে বিশেষ শুনানি করা হয়। এই শুনানি পরিচালনা করেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল ও তাঁর সহযোগী বিচারপতি সি হরিশঙ্কর।
বার অ্যাসোসিয়েশনের তরফে শনিবারের এই ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছিল। সেই মতো হয় শুনানি। সেখানে দিল্লি হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি গর্গের নেতৃত্বে করা হবে এই বিচারবিভাগীয় তদন্ত। তাঁকে সহায়তা করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি ও সিবিআই।
তিস হাজারি আদালত চত্বরে সামান্য গাড়ি পার্কিংয়ের বিবাদকে কেন্দ্র করে তৈরি হওয়া এই খণ্ডযুদ্ধের ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈও। রবিবার দিল্লিতে নিজের বাসভবনে দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তা, আইনজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকও করেন প্রধান বিচারপতি। এর কিছুক্ষণের মধ্যেই শনিবারের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত বিশেষ শুনানিটি করে দিল্লি হাইকোর্ট।
দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়, শনিবারের ঘটনার তদন্ত চলাকালীন আইনজীবীদের উপরে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের অবিলম্বে বদলি করতে হবে।
শনিবার হওয়া এই খণ্ডযুদ্ধের ঘটনায় দুই আইনজীবী গুরুতর জখম হয়েছেন বলে দাবি করেছে বার অ্যাসোসিয়েশন। এদের মধ্যে এক আইনজীবীর বুকে গুলি লেগেছে এবং তিনি অস্ত্রোপচারের পরে আইসিইউতে আছেন, দাবি করেছে সংস্থা। দিল্লি পুলিশের জওয়ানদের সঙ্গে সংঘর্ষে মারাত্মক জখম অন্য আইনজীবীর হাতের দুটি আঙুল বাদ দিতে হয়েছে। এদিকে দিল্লি পুলিশের দাবি তাদের ৬টি জিপে আগুন লাগানো হয়েছিল, পুরো ঘটনায় জখম হন ১৪ জন পুলিশ আধিকারিক।












Click it and Unblock the Notifications