Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর মুখে ‘বঙ্কিমদা’! 'বন্দে মাতরম' নিয়ে লোকসভায় আলোচনা প্রধানমন্ত্রীর, কী কী বললেন তিনি?

আজ দুপুর ১২টার একটু পরে 'বন্দে মাতরম' নিয়ে লোকসভায় আলোচনা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী ভারতের স্বাধীনতা সংগ্রামে 'বন্দে মাতরম'-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, "এই গান শক্তির মন্ত্র দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছিল বন্দে মাতরম।"

লোকসভায় 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এটিকে 'গর্বের মুহূর্ত' বলে উল্লেখ করেন। তিনি বলেন, "বন্দে মাতরম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।" সংসদের এই আলোচনার মধ্য দিয়ে 'বন্দে মাতরম'-এর ঐতিহ্যের সঙ্গে সংসদের সংযুক্ত থাকার বিষয়টিকে তিনি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

গানটির দীর্ঘ যাত্রাপথে এর প্রভাবের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "বন্দে মাতরম-এর ১০০ বছর পূর্তির সময় দেশ এক অন্যরকম অবস্থার মধ্যে ছিল। তখন মানুষকে কারাগারে পাঠানো হয়েছিল।" তিনি আরও বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনকে শক্তি এবং গতি দিতে এই গানটি অসাধারণ ভূমিকা পালন করেছে।

গানটির অনুপ্রেরণাদায়ক শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, "বন্দে মাতরম আমাদের স্বাধীনতার প্রেরণা ছিল। আমাদের সবার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার এটা যে, আমরা এই সভায় শ্রদ্ধার সঙ্গে সেই বন্দে মাতরমকে স্মরণ করছি। যার শ্লোগান ও সমবেত কণ্ঠস্বর জাতীয় স্বাধীনতা আন্দোলনে শক্তি, সাহস ও ত্যাগের বোধ জাগ্রত করেছিল।"

গানটির উৎপত্তি নিয়ে বলতে গিয়ে মোদী স্মরণ করিয়ে দেন যে, ১৮৫৭ সালের বিদ্রোহের প্রেক্ষাপটে ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'বন্দে মাতরম' গানটি রচনা করেন। তিনি বলেন, "১৮৭৫ সালে বঙ্কিমদার হাত ধরেই শুরু হয় বন্দে মাতরমের যাত্রা। এটি রচিত হয়েছিল ১৮৫৭ সালের বিদ্রোহের আবহে। বঙ্কিমদা ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেছিলেন।"

লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বহুবার 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সেই বিষয়টি নিয়ে আবার আপত্তিও জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "অন্তত বাবু বলে সম্মোধন করুন।" সঙ্গে সঙ্গে সেই ভুল সংশোধন করেন মোদী। বলেন, "ঠিক আছে, বঙ্কিমবাবু বলছি।" সৌগতকে 'দাদা' সম্বোধন করে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

তিনি রাজনৈতিক তাৎপর্যের বাইরে এই গানটির গভীর সাংস্কৃতিক ও মানসিক প্রভাবের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "বন্দে মাতরম শুধু স্বাধীনতার ডাক নয় বরং এটি আরও বৃহৎ একটি অনুভূতি। যখন আমরা বন্দে মাতরম বলি, তখন আমাদের মনে পড়ে যায় এই ভূমি আমাদের মা, আর আমরা এই ভূমিরই সন্তান।"

তিনি আরও বলেন, "বন্দে মাতরম এমন এক মন্ত্র, এমন এক উদ্দীপনা, যা স্বাধীনতা সংগ্রামীদের শক্তি এবং ত্যাগের পথ দেখিয়েছে। এটি আমাদের বুঝিয়েছে যে, এই সংগ্রাম শুধু জমির জন্য ছিল না, বরং মাতৃভূমির জন্য ছিল।"

তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস 'বন্দে মাতরম' নিয়ে আপস করেছে এবং গানের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়েছে। ওই বাদ পড়া অংশটি লোকসভায় পাঠ করেন মোদী। তিনি বলেন, "কংগ্রেস বন্দে মাতরমকে এখনও অপমান করছে।" মোদির কথায়, প্রথমে বন্দে মাতরমকে ভাঙা হয়েছে এবং তার পরেই ভারত ভাঙা হয়েছে।

লোকসভায় তিনি বলেন, "জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে বলা হয়েছিল যে বন্দে মাতরম মুসলিমদের প্ররোচিত করতে পারে।" প্রধানমন্ত্রীর অভিযোগ করেছেন যে, এটা বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

সংসদ যখন 'বন্দে মাতরম'-এর ১৫০তম বার্ষিকী উদযাপন করছে, তখন লোকসভায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য আবারও স্মরণ করিয়ে দিল যে গানটি ভারতের স্বাধীনতা সংগ্রামে ঐক্য, উদ্দীপনা ও দেশের প্রতি নিষ্ঠার এক শক্তিশালী প্রতীক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+