'শতাব্দীর পুরোনো ক্ষত সেরে উঠছে...'! অযোধ্যায় পতাকা উত্তোলনের পর আর কী কী বললেন প্রধানমন্ত্রী মোদী? জানুন
আজ অযোধ্যার রামমন্দিরের চূড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করার পরেই মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন হল। অযোধ্যায় রামমন্দিরে ধ্বজা উত্তোলন করার পরেই প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে বলেন, " ভারত এক ঐতিহাসিক সভ্যতার মুহূর্ত প্রত্যক্ষ করছে। শতাব্দীর ক্ষত সেরে উঠছে।"

অযোধ্যায় রামমন্দিরে ধ্বজা উত্তোলন করার পরে প্রধানমন্ত্রী মোদী আবেগপ্রবন হয়ে পড়েছেন। তিনি জানালেন, " শতাব্দীর পুরনো ক্ষত আজ নিরাময় হল। আগামী কয়েকশো বছর ধরে উড়বে এই নিশান।"
আজ বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ শুরু হয় ধ্বজাত্তোলনের পর্ব। ধীরে ধীরে মন্দিরে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় গেরুয়া ধ্বজা। এই পুরো প্রক্রিয়াটার সময়ে আবেগপ্রবন চোখে ধ্বজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। মন্দির কমপ্লেক্সের কাছে জড়ো হওয়া হাজার হাজার ভক্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, " অযোধ্যা এখন ভারতের নবজাগরণশীল সাংস্কৃতিক চেতনার জীবন্ত একটা প্রতীক হয়ে উঠেছে।" ধ্বজাত্তোলনের পর্ব শেষ হতেই করজোড়ে নমস্কার করেন মোদী।
এই বিশেষ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন তিনি। ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, " শতাব্দীর পুরোনো ক্ষততে আজ প্রলেপ পড়ল। আজ বহু শতকের যন্ত্রণার অবসান ঘটল সঙ্গে শতাব্দীর সংকল্প পূর্ণতা পেল। যে যজ্ঞের আগুন ৫০০ বছর ধরে জ্বলছিল আজ সেই যজ্ঞের সমাপ্তি হল।"
অযোধ্যার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ এবং মোহন ভগবৎ। মোদী আরও বলেন, " অযোধ্যা তথা ভারত এবার আধ্যাত্মবাদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মহাসঙ্গম দেখবে। প্রাণ যায়ে পর বচন না যায়ে...বার্তা দেবে ধর্মধ্বজ। দরিদ্রদের পাশে সমাজ দাঁড়াবে, সেই বার্তাও দেবে নিশান।"
ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আজ সকালেই অযোধ্যায় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর রাম মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করেন তিনি। তারপরেই তিনি রামলালার বিশেষ আরতি ও পুজোয় অংশ নেন।
মোদী আজ রাম মন্দির প্রাঙ্গণের মধ্যে অবস্থিত আরও সাতটি মন্দিরের পরিদর্শনও করবেন। পুজো ও দর্শনের শেষে তিনি মন্দির ও অযোধ্যার ইতিহাস এবং নির্মাণ সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ। প্রায় দু'বছর আগেই খুলে গিয়েছিল অযোধ্যার এই রামমন্দিরের দরজা। এবার রামলালার 'ঘর' তৈরির কাজও সম্পন্ন হল।












Click it and Unblock the Notifications