Mark Zuckerberg: ভোট নিয়ে ‘ভুয়ো’ তথ্য জুকারবার্গের! মেটা কর্তৃপক্ষকে তলব করতে চলেছে দিল্লি
Mark Zuckerberg: ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আলটপকা মন্তব্য করে বিপাকে মেটা (Meta) কর্তা মার্ক জুকারবার্গ। তাঁর করা মন্তব্য ১০০ শতাংশ ভুল বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav)। কিন্তু এখানেই থেমে থাকেনি বিতর্ক।
মঙ্গলবার বিজেপি সাংসদ তথা তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির স্থায়ী সদস্য নিশিকান্ত দুবে (Nishikant Dubey) দাবি করলেন, মেটাকে সমন পাঠানো হবে কমিটির তরফে। মার্ক জুকারবার্গের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানোর অভিযোগ রয়েছে।

পডকাস্টে এক সাক্ষাৎকারে মেটা কর্তা বলেছিলেন, "২০২৪ সাল ছিল নির্বাচনের বছর। বিভিন্ন বড় দেশগুলির পাশাপাশি ভারতেও ভোট হয়েছিল। ভারতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার-সহ অন্যান্য দেশের ক্ষমতাসীন সরকারগুলি হেরে গিয়েছিল। আসলে অতিমারির সময় গৃহীত নানা নীতির কারণেই বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব পড়েছিল, তাই পরাজয় হয়েছিল।"
এদিকে, লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বার মসনদে বসেছে মোদী সরকার। জুকারবার্গের মন্তব্যের ভুল ধরিয়ে দিয়ে প্রথমে এক্স হ্য়ান্ডেলে সরব হন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সংসদীয় কমিটি মেটাকে সমন পাঠাবে।
এধরনের ভুল তথ্য যেকোনও গণতান্ত্রিক দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে। ভুল ছড়ানোর জন্য মেটাকে সংসদের কাছে ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। মার্ক জুকারবার্গের ওই মন্তব্য নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে বলে দাবি করেন নিশিকান্ত।
দেশের গণতন্ত্রে অযথা নাক গলিয়ে জুকারবার্গ ভুল তথ্য ছড়াচ্ছেন ও গোটা বিশ্বকে বিপথে চালনা করছেন বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ। মেটা ক্ষমা না চাইলে সংসদীয় কমিটি যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেন তিনি। আগামী ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে কমিটি এনিয়ে কথা বলবে বলেও জানান নিশিকান্ত।
জুকারবার্গের ওই মন্তব্যের পরই এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, "বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে, ২০২৪-এ ভারতের লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন ৬৪ কোটিরও বেশি ভোটার। ভারতবাসী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের উপরই ফের আস্থা রেখেছে।"
রেলমন্ত্রী আরও বলেন, "৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাবার, প্রায় ২২০ কোটি জনতাকে বিনামূল্যে ভ্যাকসিন ও করোনার সময় বিশ্বব্যাপী দেশগুলিকে সাহায্যের জন্য তৃতীয়বার ক্ষমতায় এসেছেন মোদী। কাজেই মার্ক জুকারবার্গের এমন ভুল তথ্য অত্যন্ত হতাশাজনক।"












Click it and Unblock the Notifications