বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য, হায়দরাবাদ থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
বোমা হামলার আশঙ্কায় রবিবার মাঝআকাশেই রুট বদলাতে বাধ্য হল হায়দরাবাদ থেকে বারাণসীগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। পুলিশ সূত্রে জানা গেছে বিমানের ভিতরে একটি হাতে লেখা নোট পাওয়ার পরই এই সতর্কতা জারি করা হয়, যেখানে বিমানে বোমা থাকার দাবি করা হয়েছিল।
ঘটনার খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় ও দ্রুত জরুরি নিরাপত্তা প্রোটোকল কার্যকর করা হয়। প্রায় ২০০ এর বেশি যাত্রী নিয়ে বিমানটি উত্তরপ্রদেশের বাবতপুরে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

পুলিশ জানিয়েছে, যাত্রী ও বিমানকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান অবতরণের পরপরই বিমানবন্দরে তৎপর হয় নিরাপত্তা সংস্থাগুলি। সিআইএসএফ, বোমা নিষ্ক্রিয়কারী দল, দমকল বাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ দল বিমানটি খুঁটিয়ে পরীক্ষা করে। পাশাপাশি, সমস্ত যাত্রীকে নিরাপত্তা বিধি মেনে স্ক্রিনিং করা হয়।
তবে দীর্ঘ তল্লাশির পরও বিমানের ভিতরে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছেন আধিকারিকরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির উৎস ও এর সত্যতা যাচাই করতে তদন্ত এখনও চলছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও একই ধরনের ঘটনার সাক্ষী ছিল ইন্ডিগো। দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা হামলার হুমকি আসায় সেটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সকাল ৮টা ৪৬ মিনিট নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে হুমকির বার্তা পৌঁছানোর পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও বিমানটি সকাল ৯টা ১৭ মিনিটে লখনউয়ে অবতরণ করে।
লখনউ পুলিশ কমিশনারেটের বিবৃতি অনুযায়ী, অবতরণের পর বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয় ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ তল্লাশি চালানো হয়।
একাধিক বোমা হুমকির ঘটনায় বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।












Click it and Unblock the Notifications