Pakistan: বিনা প্ররোচনায় কাশ্মীরে ফের রাতভর গোলাগুলি পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার
Pakistan: সীমান্তে ফের বাড়বাড়ন্ত পাকিস্তানের। এই নিয়ে টানা চারদিন। রবিবার রাতে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় ফের গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। সোমবার সকালে ভারতীয় সেনা সূত্রে এমনটাই খবর। এই প্রথমবার পুঞ্চ সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
বিবৃতিতে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, রবিবার গভীর রাতে ও সোমবার কাকভোরে আচমকাই কুপওয়াড়া ও পুঞ্চ জেলার অপর প্রান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাগুলি শুরু করে পাকিস্তান। যদিও কড়া ভাষায় যথাযোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এই নিয়ে টানা চারদিন সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে উসকানি দিচ্ছে পাকিস্তান।

গত মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সবুজে ঘেরা বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ২৬ জন নিরীহ পর্যটককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। ভরা পর্যটনের মরসুমে ফের রক্তাক্ত হয় উপত্যকা। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাশাপাশি কাশ্মীরে জঙ্গিদের একের পর এক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারত।
পুলওয়ামার ঘটনার পর সাম্প্রতিক অতীতে সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটল পহেলগাঁওতে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু জল চুক্তি বন্ধ করা থেকে শুরু করে পাক নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করতে বলার মতো নির্দেশ দিয়েছে ভারত। সরকারি নির্দেশ মতো রবিবারের মধ্যে ভারত ছেড়ে আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন বহু পাকিস্তানি নাগরিক।
পাল্টা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি বন্ধ করার সিদ্ধান্ত পাকিস্তানের। সিমলা চুক্তি বন্ধ করেছে পাকিস্তান। বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের। এক্স হ্যান্ডেলে পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত তিন সন্দেহভাজন জঙ্গি হাসিম মুসা ওরফে সুলেমান, আলি ভাই ওরফে তালহা ভাই এবং আদিল হুসেন ঠোকার। প্রথম দুই জন পাকিস্তানের নাগরিক ও তৃতীয় জন কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা। এদের ধরতে সাহায্য করলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications