Pahalgam Terror Attack: জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা, নেপথ্যে পাকিস্তান! মোদীর নির্দেশে কাশ্মীরে শাহ
Pahalgam Terror Attack: অমরনাথ যাত্রার আগে ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পর্যটকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ জনের মৃত্যু ও ১২ জনের আহত হওয়ার খবর মিলেছে। তাদের মধ্যে আবার ৪ জনের অবস্থা সংকটজনক। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন। সুদূর সৌদি আরব থেকে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অমিত শাহকে দ্রুত কাশ্মীর পৌঁছতে নির্দেশ দিয়েছেন তিনি।
পহেলগাঁও-এর জনপ্রিয় পর্যটনস্থল বৈসরন উপত্যকা। সবুজ ঘাসে আবৃত এই চারণক্ষেত্রে বহু পর্যটক আসেন। পায়ে হেঁটে বা ঘোড়ায় করেই যেতে হয় এখানে। সেই সুযোগ নিয়েই বিকেলে রাজস্থান থেকে আগত পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভবপর হয়নি। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জখম পর্যটকরা।

এদিকে বর্তমানে সৌদি আরবের জেদ্দায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অনুপস্থিতিতেই দেশে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে গেল। নেপথ্যে আবার সেই পড়শি পাকিস্তান। জঙ্গি হামলার কড়া নিন্দা জানিয়েছেন মোদী। অমিত শাহের কাছে ফোনে সবটা শুনেছেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সব ধরনের আপদকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ব্যক্তিগতভাবে তাঁকে এই এলাকায় পরিদর্শনে যেতে নির্দেশ দেন মোদী। দিল্লিতে ভিডিও কনফারেন্সে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে সেইমতো সন্ধে ৭টাতেই শ্রীনগরের উদ্দেশে রওনা শাহের।
জঙ্গি হামলার ঘটনার পর থেকেই এলাকা ছাড়ছেন পর্যটকরা। ম্যারাথন চেকিং চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। প্রাণে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী মহিলা জানান, অজ্ঞাত পরিচয় বন্দুকধারী জঙ্গিরা একেবারে কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ওই মহিলা জানান তাঁর স্বামীর মাথায় গুলি এসে লাগে। অপর এক মহিলা গুলিতে জখম স্বামীকে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকেন। তাঁর স্বামীকে উদ্ধারের জন্য কাকুকি মিনতি করতে থাকেন মহিলা।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জঙ্গি হামলার কড়া নিন্দা জানান। নিরীহ পর্যটকদের উপর হামলাকারীদের পশুর সঙ্গে তুলনা করেন তিনি। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরে বিমানে শ্রীনগরে উড়ে যান মুখ্যমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যরাল মনোজ সিনহাও ঘটনার তীব্র নিন্দা করেন। কাপুরুষোচিত ও ঘৃণ্য জঙ্গি হামলা বলে উল্লেখ করেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাখ সিং এক্স হ্যান্ডেলে লেখেন, "পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় দুঃখিত। নিরীহ পর্যটকদের উপর জঘন্য হামলা কাপুরুষোচিত কাজ।" হামলার নিন্দা জানিয়ে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।












Click it and Unblock the Notifications