Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে এবার এনআইএ, দায়িত্ব দিল স্বরাষ্ট্রমন্ত্রক
কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। এবার এনআইএ একটি মামলা দায়ের করে এই ঘটনার তদন্ত শুরু করবে।
স্থানীয় পুলিশের কাছ থেকে এনআইএ-র তদন্তকারী অফিসাররা প্রথমে মামলার কেস ডায়েরি নেবেন। এবং এফআইআর দেখে নিজেদের তদন্ত শুরু করবেন। যদিও ইতিমধ্যেই এনআইএ-র একটি দল পহেলগাঁওয়ে উপস্থিত রয়েছে। তাঁরা হামলাস্থল পরীক্ষা করেছে। এনআইএ-র একটি ফরেন্সিক দল পহেলগাঁওয়েই রয়েছে।

এই সপ্তাহের মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেখানে নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করা হয়। এবং ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরে এটাই ছিল সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনা।
এই হামলার পরেই পাকিস্তানের যোগ সুস্পষ্ট হয়। এবং তারপরেই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়ে জানায়, এই সন্ত্রাসের জন্য যারা দায়ী, তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। বিরোধী রাজনৈতিক দলগুলিও সরকারের পাশে দাঁড়িয়ে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
ভারত সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, তারা আপাতত সিন্ধু জলচুক্তি মানবে না, যতক্ষণ না পাকিস্তান সীমান্তপার সন্ত্রাস বন্ধ করতে নির্ভরযোগ্য পদক্ষেপ করছে। এছাড়াও পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে কাশ্মীরে প্রশাসন জঙ্গিদের ধরতে ব্যাপক খানা-তল্লাশি শুরু করেছে। জঙ্গি এবং জঙ্গিদের সমব্যথীদের খুঁজে বার করে আইনের আওতায় আনতে তল্লাশি অভিযান চলছে। খুঁজে খুঁজে জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বহু সন্দেহভাজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ৬ জঙ্গি এবং তাদের সাহায্যকারীদের বাড়ি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। যারা যারা এই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধেই কড়া অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন।
শনিবার শ্রীনগরে ৬০ টির বেশি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। অনন্তনাগে দিন-রাত তল্লাশি চালানো হচ্ছে। নতুন নতুন চেক পয়েন্ট তৈরি করে পুলিশ তল্লাশি চালাচ্ছে।












Click it and Unblock the Notifications