Pahalgam Terror Attack: কাশ্মীরে গত ২৫ বছরে কীভাবে সাধারণ নাগরিকের ওপর বারবার হামলা করেছে জঙ্গিরা!
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে একদল জঙ্গি সাধারণ নাগরিকদের ওপর গুলি চালিয়ে ২৬ জনকে মেরে ফেলেছে। এই ঘটনাটি ঘটেছে এমন জায়গায় যা পর্যটকদের কাছে খুব পরিচিত একটি স্থান এবং যা ঘন পাইন বন এবং পাহাড়ে ঘেরা তার মনোরম তৃণভূমির জন্য পরিচিত। দেশি-বিদেশি সমস্ত পর্যটকদের কাছেই পহেলগাঁও একটি প্রিয় গন্তব্য। প্রায়শই এই জায়গাটিকে 'মিনি সুইজারল্যান্ড' বলে তুলনা করা হয়। এদিন যে ২৬ জন মারা গিয়েছেন তার মধ্যে ২ জন বিদেশি ও ২ জন স্থানীয় মানুষ রয়েছেন।
মঙ্গলবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। তখন পর্যটকরা পোনি রাইড এবং পিকনিকের আসরে মত্ত ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে যে হামলাকারীরা জম্মুর কিশতওয়ার থেকে দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগ রুট দিয়ে এখানে অনুপ্রবেশ করেছিল। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছেন, জঙ্গিরা আচমকাই পর্যটকদের ওপর গুলি চালাতে শুরু করে। তার ফলশ্রুতিকে এতজনের প্রাণ গেল।

ঘটনা হল, ২০০০ সাল থেকে জম্মু ও কাশ্মীর সাধারণ নাগরিকদের উপর বেশ কয়েকটি ভয়াবহ হামলার সাক্ষী হয়েছে। উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে রয়েছে ২০০০ সালের মার্চ মাসে চাট্টিসিংপোরা গ্রামে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ৩৬ জন সদস্যকে হত্যা। এবং ২০০০ সালের অগাস্ট মাসে নুনওয়ান বেস ক্যাম্পে অমরনাথ তীর্থযাত্রীসহ ৩২ জনকে হত্যা। ২০০১ সালের জুলাই মাসে শেষনাগ বেস ক্যাম্পে অমরনাথ যাত্রীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। যার ফলে ১৩ জন নিহত হন। এবং ২০০১ সালের অক্টোবরে জম্মু ও কাশ্মীর বিধানসভা কমপ্লেক্সে একটি আত্মঘাতী হামলা চালানো হয়, যার ফলে ৩৬ জন নিহত হন।
পরবর্তী বছরগুলিতে আরও সহিংসতা দেখা দেয়। যেমন, ২০০২ সালে চন্দনওয়ারী বেস ক্যাম্পে হামলায় ১১ জন অমরনাথ যাত্রী নিহত হন এবং ২০০২ সালের নভেম্বরে লোয়ার মুন্ডায় জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে একটি মারাত্মক আইইডি বিস্ফোরণ ঘটে। যার ফলে ১৯ জন নিহত হন। ২০০৩ সালের মার্চ মাসে, সন্ত্রাসীরা পুলওয়ামার নন্দীমার্গ গ্রামে ২৪ জন কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করে। তাছাড়া, ২০০৫ সালের জুনে পুলওয়ামায় একটি গাড়ি বোমা হামলায় ১৩ জন সাধারণ নাগরিক নিহত হন। যার মধ্যে দুই স্কুলছাত্রও ছিল। এবং সেই ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হন। অন্যান্য ঘটনার মধ্যে রয়েছে ২০০৬ সালের জুনে কুলগামে ৯ জন নেপালি ও বিহারি শ্রমিকের হত্যা এবং ২০১৭ সালে একটি অমরনাথগামী বাসে হামলা, যার ফলে ৮ জন নিহত হন।
এই হিংস্রতার পর ২০১৯ সালের পুলওয়ামা হামলা হয়। সেখানে ৪০ জন সিআরপিএফ সদস্য শহিদ হন। পহেলগাঁওয়ের এদিনের ঘটনা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের সেই ইতিহাসকেই আর একটু দীর্ঘ এবং কালিমালিপ্ত করে দিল।












Click it and Unblock the Notifications