Jagdeep Dhankhar: রাজ্যসভায় ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ, চালে বড় ‘ভুল’ ইন্ডি জোটের
Jagdeep Dhankhar: ধনখড়কে উৎখাতের স্বপ্ন পূরণ হল না ইন্ডির (INDI) সাংসদদের। রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ইন্ডির আনা অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) খারিজ করে দিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। ১৪ দিনের আগাম নোটিস না দেওয়াতেই খারিজ অনাস্থা প্রস্তাব। একইসঙ্গে প্রস্তাবে ধনখড়ের নাম সঠিকভাবে উচ্চারণ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
অনাস্থা প্রস্তাব নিয়ে এদিন বিরোধীদের তীব্র সমালোচনাও করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর (Rajya Sabha Chairman) বিরুদ্ধে কুযুক্তি খাঁডা করবার প্রচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। উপরাষ্ট্রপতির বিরুদ্ধে তাদের উদ্দেশ্যে কায়েম করতে এনিয়ে সাংবাদিক বৈঠকও করে বিরোধীরা, মন্তব্য ডেপুটি চেয়ারম্যানের।

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজের কারণ হিসেবে হরিবংশ জানান, অনাস্থা প্রস্তাব আনতে ১৪ দিনের আগাম নোটিস দেওয়া প্রয়োজন। কিন্তু ধনখড়ের ক্ষেত্রে তা বিরোধীরা দেননি। জগদীপ ধনখড়ের নামও স্পষ্টভাবে উচ্চারণ করা হয়নি। অনাস্থা প্রস্তাবে একমাত্র যে নিয়মটি মানা হয়েছে, তা হল প্রস্তাবে ন্যুনতম ৬০ জন সাংসদের স্বাক্ষর করা হয়েছে।
রাজ্যসভার ইতিহাসে এই প্রথম চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হল। ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ ইন্ডি জোটের সাংসদদের। বিরোধীদের কণ্ঠরোধ ও সংসদে মত প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল ধনখড়ের বিরুদ্ধে। বিরোধীদের ভাষণে পর্যাপ্ত সময় দেওয়া হয় না বলেও দাবি। এদিকে শাসকদলের সাংসদদের মত প্রকাশে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় বলে দাবি বিরোধীদের।
চলতি শীতকালীন অধিবেশনেই ধনখড়কে উৎখাতের ডাক দিয়ে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। কংগ্রেসের সঙ্গে প্রস্তাবে স্বাক্ষর করে সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টির সাংসদরাও। সংবিধানের নিয়ম অনুযায়ী, এহেন প্রস্তাব আনতে গেলে কমপক্ষে ১৪ দিনের আগাম নোটিস দেওয়া বাধ্যতামূলক। অনাস্থা প্রস্তাব পাস হবে না জেনেও ধনখড়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করতেই প্রস্তাব পেশ করা হয় বলে জানান বিরোধীরা।
তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এর আগে মুখ খুলেছিলেন ধনখড়ও। বিরোধীদের উদ্দেশ্যে জগদীপ ধনখড় বলেন, "আমি কৃষক পরিবারের সন্তান। আমার কোনও দুর্বলতা নেই। দেশের জন্য আমি জীবনও দিতে পারি। ২৪ ঘণ্টা আপনাদের একটাই কাজ, আমার বিরোধিতা করা। অনেক সহ্য করেছি। অনাস্থা প্রস্তাব আনার অধিকার আপনাদের রয়েছে, কিন্তু সংবিধানকে অপমান করছেন আপনারা।"












Click it and Unblock the Notifications