'চাইলে আরও অনেক কিছু করতে পারতাম', অপারেশন সিঁদুর নিয়ে ফের কড়া মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার জানান, পহেলগাঁও জঙ্গি হামলার পর 'অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতীয় সেনাবাহিনী "আরও অনেক কিছু করতে পারতো"। তবে তাঁরা ইচ্ছাকৃতভাবে একটি 'সংযত' ও 'সুচিন্তিত' প্রতিক্রিয়া বেছে নিয়েছিল। রাজনাথের মতে, মে মাসে এই অভিযান বাহিনীর সক্ষমতা ও শৃঙ্খলার প্রমাণ ছিল।
বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) দ্বারা সম্পন্ন ১২৫টি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনের পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ বলেন, "অপারেশন সিঁদুর-এর সময় সশস্ত্র বাহিনী, অসামরিক প্রশাসন এবং সীমান্ত এলাকার নাগরিকদের মধ্যে অসাধারণ সমন্বয় দেখা গিয়েছে। লাদাখ ও সীমান্ত এলাকার সকল নাগরিককে সেনা বাহিনীকে সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।"

রাজনাথ সিংয়ের মতে, "এই সমন্বয়ই আমাদের পরিচয়কে সংজ্ঞায়িত করে। এটি আমাদের পারস্পরিক বন্ধন যা বিশ্বে আমাদের সবচেয়ে স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে।"
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-এর জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ যায়। এদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এই হামলার প্রতিশোধ নিতে ৭মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে 'অপারেশন সিঁদুর’ শুরু করে।
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, "কয়েক মাস আগে পহেলগাঁও-এর জঘন্য জঙ্গি হামলার জবাবে আমাদের সেনাবাহিনী অপারেশন সিঁদুর কার্যকর করেছে। যার ফল বিশ্ব জানে।" তিনি যোগ করেন, "আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমাদের বাহিনী কেবল বীরত্বই নয়, সংযমও দেখিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় কাজটিই করেছে।"
রাজনাথ সিং বলেন, "আজ আমাদের সেনারা দুর্গম এলাকায় শক্তিশালী অবস্থানে রয়েছে। কারণ তাদের কাছে সড়ক, রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সহায়তা, নজরদারি নেটওয়ার্ক এবং লজিস্টিকস সংযুক্তির সুবিধা আছে।" তিনি জোর দেন, "সীমান্তে মোতায়েন একজন সেনার প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংযোগকে শুধু নেটওয়ার্ক, অপটিক্যাল ফাইবার, ড্রোন ও রাডারে সীমাবদ্ধ না রেখে, বরং নিরাপত্তার মেরুদণ্ড হিসেবে দেখা উচিত।"
প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেন, দেশের যেকোনও প্রান্তে সশস্ত্র বাহিনীর সঙ্গে তাঁর সাক্ষাৎ সম্ভব হয়েছে কেবল শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক ও সংযুক্তির কারণে। তিনি বলেন, "যোগাযোগকে শুধুমাত্র পরিকাঠামোগত দিক থেকে দেখা উচিত নয়; এটি এক বিস্তৃত শব্দ, যা শান্তি, সম্প্রীতি ও সমাজের বোঝাপড়ার জন্য অপরিহার্য।" সরকার লাদাখ সহ সমস্ত সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগ ও সংযুক্তি শক্তিশালী করতে নিরন্তর চেষ্টা করছে বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications