দীপাবলিতে প্রধানমন্ত্রীর চিঠি, ‘অপারেশন সিঁদুর ' ও রামের আদর্শে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা
দীপাবলিতে দেশবাসীর উদ্দেশে এক বিশেষ চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোর উৎসবে তিনি স্মরণ করালেন অযোধ্যায় নির্মিত রামমন্দির ও 'অপারেশন সিঁদুরের ' সাফল্যের কথা যেখানে, তাঁর কথায়, ভারত শুধু ন্যায়ের পক্ষেই দাঁড়ায়নি, অন্যায়ের প্রতিশোধও নিয়েছে।
মোদী লিখেছেন, "অযোধ্যায় মহামন্দির নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। ভগবান শ্রী রাম আমাদের শিখিয়েছেন ধর্মরক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের সাহস। কয়েক মাস আগের 'অপারেশন সিঁদুরে 'আমরা সেই আদর্শেরই বাস্তব উদাহরণ দেখেছি।" উল্লেখ্য, এই অভিযানের সূত্রপাত হয় ৭ থেকে ১০ মে, প্যাহেলগাঁও জঙ্গি হামলার জবাবে।

এই দীপাবলি বিশেষ বলেই জানালেন প্রধানমন্ত্রী কারণ দেশের বহু জেলা, এমনকি দুর্গম এলাকাতেও প্রথমবার দীপ প্রজ্বলন হবে। "যে জায়গাগুলো এক সময় নকশাল ও মাওবাদী সন্ত্রাসে জর্জরিত ছিল, সেখানে আজ শান্তি ও উন্নয়নের আলো পৌঁছে গেছে," বলেন তিনি।
তিনি আরও লিখেছেন, "সম্প্রতি আমরা দেখেছি বহু মানুষ হিংসার পথ ছেড়ে সংবিধানে আস্থা রেখে উন্নয়নের মূলধারায় যোগ দিচ্ছেন। এটি ভারতের এক বিশাল সাফল্য।"
চিঠিতে মোদী জানিয়েছেন, "দেশ এখন বিশ্ব অর্থনীতির তৃতীয় বৃহত্তম শক্তি হওয়ার পথে। 'বিকশিত ও আত্মনির্ভর ভারতের' এই অভিযাত্রায় নাগরিকদের প্রধান দায়িত্ব জাতির প্রতি কর্তব্য পালন।"
নবরাত্রির প্রথম দিন থেকেই 'জিএসটি বচত উৎসবের' সূচনা হয়েছে, জানান প্রধানমন্ত্রী। কমানো করহার সাধারণ নাগরিককে হাজার কোটি টাকা সাশ্রয় করতে সাহায্য করছে।
দেশবাসীকে 'স্বদেশি' ব্যবহার ও স্থানীয় পণ্যের প্রচারের আহ্বান জানিয়ে মোদী লিখেছেন, "গর্বের সঙ্গে বলুন এটা স্বদেশি,সকল ভাষার প্রতি শ্রদ্ধা রাখুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন, স্বাস্থ্যের দিকে নজর দিন। খাবারে তেলের ব্যবহার ১০ শতাংশ কমান ও যোগাভ্যাস করুন এই ছোট ছোট পদক্ষেপই আমাদের দ্রুত বিকশিত ভারতের পথে এগিয়ে নেবে।"
চিঠির শেষভাগে মোদী লেখেন, "দীপাবলি আমাদের শেখায় একটি প্রদীপ যখন অন্যটিকে প্রজ্বলিত করে, তখন তার আলো কমে না, বরং আরও ছড়িয়ে পড়ে। এই ভাবনায় অনুপ্রাণিত হয়ে চলুন আমরা সমাজে ঐক্য, সহযোগিতা ও ইতিবাচকতার প্রদীপ জ্বালাই।"
শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন "আসুন, এই দীপাবলিতে আলোর মতোই ছড়িয়ে দিই সৌহার্দ্য ও শুভবোধের বার্তা।"












Click it and Unblock the Notifications