Odisha Train Accident: 'শতাব্দীর বৃহত্তম' ট্রেন দুর্ঘটনার কারণ কী? প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
Odisha Train Accident: ওডিশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে। হাওড়াগামী ডাউন হামসফর এক্সপ্রেস বেলাইন, মালগাড়িতে গিয়ে ধাক্কা মারে আপ করমণ্ডল এক্সপ্রেস। মৃত ও আহতের সংখ্যা হু-হু করে বাড়ছে।
ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়েই বলেছেন, এটি শতাব্দীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। এনসিপি নেতা অজিত পওয়ার-সহ অনেকেই তেমনটা মনে করছেন। রেল জানিয়েছে, উদ্ধারকাজ শেষ।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকালে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দুর্ঘটনা সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে প্রয়োজনীয় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি নিজেও ভুবনেশ্বরে পৌঁছে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। কথা বলবেন হাসপাতালে আহতদের সঙ্গে।
এরই মধ্যে প্রাথমিক তদন্তে রিপোর্টে জানা যাচ্ছে, সিগন্যাল ব্যবস্থার ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। জয়েন্ট ইনস্পেকশন রিপোর্ট বলছে, সিগন্যাল ব্যবস্থার দায়িত্বে থাকা এক বা একাধিক ব্যক্তির ভুলেই এই দুর্ঘটনা। করমণ্ডলের জন্য চেন্নাইয়ের দিকের লাইনে সবুজ সিগন্যাল ছিল। কিন্তু তা লুপ লাইনে ঢুকে যায়।

রেল আধিকারিক ও ওডিশা পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা যাচ্ছে, করমণ্ডল এক্সপ্রেস ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে চলছিল। তা মালগাড়িকে ধাক্কা মারে। ২২টি বগিই লাইনচ্যুত হয়ে যায়। তিনটি বগি পাশের লাইনে ছিটকে পড়ে ধাক্কা মারে হামসফর এক্সপ্রেসে। তখন ওই লাইন দিয়ে যাচ্ছিল হাওড়াগামী এক্সপ্রেসটি।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছেন, সাউথ ইস্ট সার্কেলের রেলওয়ে সেফটি কমিশনারকে তদন্ত করতে বলা হয়েছে। যদিও সিগন্যালিংয়ের ত্রুটির বিষয়টিই সামনে আসায়। এই লাইনে দুর্ঘটনা প্রতিরোধী কবচ সিস্টেম থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রেল মন্ত্রকে এখন সমন্বয়ের অভিযোগ। অফিসাররা ভালো করে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রেল বাজেটও আলাদা করে হয় না। দুর্ঘটনার কারণ বের করতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে এই দুর্ঘটনাকে শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা বলে উল্লেখ করেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিসন ডিভাইস থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। রেল মন্ত্রক তথা মোদী সরকারের গাফিলতির দিকেই অভিযোগের আঙুল। দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা তথা সাংসদ অধীর চৌধুরী। তিনিও এর আগে রেল রাষ্ট্রমন্ত্রী ছিলেন।












Click it and Unblock the Notifications