নির্ভয়ার নার্সকেই এ বার গণধর্ষণ পাঞ্জাবে, অভিযুক্ত সাত

সেই অভিশপ্ত রাতে নির্ভয়া ও তাঁর এক সঙ্গীকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যায় সফদরজং হাসপাতালে। সেখানে চিকিৎসার পরও যখন নির্ভয়া সুস্থ হননি, তখন তাঁকে বিদেশে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। সফদরজং হাসপাতালে নির্ভয়ায় সেবায় দিনরাত এক করে দিয়েছিলেন যে নার্সরা, তাঁদেরই একজন সোমবার রাতে ধর্ষিতা হলেন।
পুলিশ জানিয়েছে, ছুটিতে বাড়ি ফিরছিলেন ওই মাঝবয়সী মহিলা। মনসা জেলার বুধলড়ায় নির্জন রাস্তায় তাঁর পথ আটকায় সাতজন যুবক। প্রথমে তাঁর মোবাইল ফোন, টাকাপয়সা, ব্যাগ সব কিছু কেড়ে নেয়। তার পর পালা করে সাতজন মিলে তাঁকে ধর্ষণ করে। অত্যাচারে তিনি জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরলে কোনও রকমে বাড়ি পৌঁছন। ঘটনার পর পুলিশ দু'জনকে গ্রেফতার করলেও তিনি নিজের বয়ান দিতে অস্বীকার করেন। ডাক্তারি পরীক্ষাও করাতে চাননি। পুলিশের অপ্রীতিকর প্রশ্ন কিংবা ডাক্তারি পরীক্ষায় অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই ধর্ষিতার এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিং শুক্লা বলেছেন, "ওঁর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। তবুও অনুরোধ করব, ডাক্তারি পরীক্ষা করান। পুলিশে বয়ান দিন। পুলিশের উচিত, এমন ঘটনায় সংবেদনশীলতা দেখানো। বাকি অভিযুক্তরা তাড়াতাড়ি ধরা পড়বে, এটা আশা করছি।"












Click it and Unblock the Notifications