'শুধু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার নয়'! আইনের অপব্যবহার করা যাবে না, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের
তদন্তের সময় শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না, এই মর্মে এবার স্পষ্ট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, গ্রেপ্তার শুধুমাত্র তখনই করা হবে, যখন তা তদন্তের স্বার্থে একান্তই প্রয়োজন হবে।

বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দরেশ (M M Sundresh) এবং বিচারপতি এন কে সিং (N K Singh)-এর বেঞ্চ জানিয়েছে যে, নতুন ফৌজদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) ২০২৩ অনুযায়ী, গ্রেপ্তার কোনও বাধ্যতামূলক পদক্ষেপ নয়। যেসমস্ত অপরাধে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে, সেখানে নিয়ম অনুযায়ী অভিযুক্তকে আগে নোটিস দেওয়া হয়ে থাকে।
আদালত স্পষ্ট করে জানায় যে, BNSS-এর ৩৫(৩) ধারায় যে নোটিস দেওয়ার কথা বলা হয়েছে, তা একেবারেই এড়ানো যাবে না। কেবলমাত্র পুলিশ অফিসারের সুবিধার জন্য অথবা প্রশ্ন করার উদ্দেশ্যে কাউকে হেফাজতে নেওয়া একদমই আইনসম্মত নয়।
শীর্ষ আদালতের মতে, গ্রেপ্তার ছাড়াও তদন্ত চালানো সম্ভব। তাই প্রমাণ সংগ্রহ করার সময় পুলিশ অফিসারকে আগে ভাবতে হবে যে, গ্রেপ্তার করা সত্যিই দরকার কি না। কারণ, প্রয়োজন পড়লে পরবর্তী পর্যায়েও গ্রেপ্তারের ক্ষমতা পুলিশের হাতে থাকে।
সবশেষে সুপ্রিম কোর্ট জানায় যে, আইনে গ্রেপ্তার করার সুযোগ থাকলেই তা ব্যবহার করা যাবে না। একেবারে বাধ্যতামূলক পরিস্থিতি না হলে গ্রেপ্তারকে এড়িয়ে চলাই উচিত।












Click it and Unblock the Notifications