দূষণে শুধু শ্বাসকষ্ট নয়, বাড়ছে মাইগ্রেন ও স্নায়ুর ক্ষতি, দিল্লিবাসী কি নতুন স্বাস্থ্য সংকটের মুখে? জানুন
ধোঁয়ায় ঢেকে থাকা সকাল এই দৃশ্য এখন দিল্লিবাসীর কাছে যেন দৈনন্দিন দৃশ্য। সোমবার সকাল ৬টা ৫ মিনিট নাগাদ রাজধানীর বায়ুমান সূচক তথা একিউআই ছিল ৩৪৬, যা অতি খারাপ শ্রেণিতে। আগের দিন শহরের ৩৯টি মনিটরিং স্টেশনের মধ্যে ২০টিরও বেশি পৌঁছে গিয়েছিল গুরুতর স্তরে, একিউআই ৪০০ ছুঁয়ে বা অতিক্রম করে।
অত্যাধিক দূষণের কারণে হাঁপানি, কাশি বা হৃদরোগ বাড়ছে, যদিও এসব তথ্য নতুন নয়। কিন্তু চিকিৎসকরা এখন সতর্ক করছেন আরেকটি নীরব বিপদ নিয়ে, বায়ুদূষণের প্রভাব সরাসরি মানুষের মস্তিষ্কে পড়ছে।মাথাব্যথা, মাথা ঘোরা, স্ট্রোক বাড়ছে। দিল্লির বিভিন্ন নিউরোলজি বিভাগে স্নায়ু সমস্যার রোগীর সংখ্যা হঠাৎই বেড়েছে। বিশেষ করে মাথাব্যথা, মাইগ্রেন, মাথা ঘোরা, মানসিক ক্লান্তি এই উপসর্গ নিয়ে আসছেন প্রচুর মানুষ।

ইনস্টিটিউট অফ ব্রেন অ্যান্ড স্পাইনের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ড. রাহুল চাওলা জানিয়েছেন "গত কয়েক সপ্তাহে নিউরোলজিক্যাল সমস্যার রোগী ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। দূষিত বাতাস সরাসরি মাইগ্রেনের মাত্রা বাড়ায়। এমনকি যারা আগে কখনো প্রবল মাথাব্যথায় ভোগেননি, তারাও প্রথমবার দূষণের কারণেই এই ব্যথায় আক্রান্ত হচ্ছেন।"
চিকিৎসকদের মতে, শুধু মাথাব্যথা নয়, হঠাৎ স্ট্রোকের ঘটনাও বেড়েছে, বিশেষ করে যাদের আগে থেকেই রক্তচাপ বা রক্তনালির সমস্যা রয়েছে।
ঘরে থাকলেও রেহাই নেই হাল ছেড়েছেন তরুণরাও। কর্পোরেট কর্মী রচনার (২৭) অভিজ্ঞতাই তার প্রমাণ দিয়েছে। "বাইরে বেরোলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাস্ক, এয়ার পিউরিফায়ার সব কিছুই যেন ব্যর্থ।"
চিকিৎসকদের মতে, এই সমস্যা এখন তরুণ, সুস্থ, কর্মজীবী মানুষের মধ্যেও ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছে।
নানা গবেষণায় উঠে এসেছে PM2.5 কণাগুলো এতটাই ক্ষুদ্র যে তা ফুসফুস পেরিয়ে রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায়।সেখানে গিয়ে সৃষ্টি করে ইনফ্লেমেশন ও অক্সিডেটিভ স্ট্রেস। এর ফলে স্নায়ু কোষ ও রক্তনালির ক্ষতি হয়।
পাক্ষিক নিউরোসায়েন্সে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি দূষণ মস্তিষ্কের সাদা টিস্যুর গঠন নষ্ট করে, যা স্মৃতি, আচরণ ও চিন্তাশক্তিতে প্রভাব ফেলে।
আর জামা নিউরোলজির এক স্টাডি বলছে, দীর্ঘদিন এমন দূষিত পরিবেশে থাকলে আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি বেড়ে যায়।
ড. চাওলার ভাষায় "এখন আমরা তরুণদের মধ্যেই আগাম বয়সজনিত স্নায়ু ক্ষতির লক্ষণ দেখতে শুরু করেছি, তবে মনে রাখার ক্ষমতা কমে যাওয়া, মনোসংযোগের সমস্যা, রাগ ও বিরক্তি বৃদ্ধি। এটা বিপজ্জনক সংকেত।"
এছাড়াও বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, দিল্লির বায়ুদূষণ যদি এই হারে বাড়তে থাকে, তাহলে শহর শুধু শ্বাসযন্ত্রে নয়, স্নায়ুতন্ত্রভিত্তিক স্বাস্থ্য সংকটেও পড়বে।












Click it and Unblock the Notifications