বিমান ভাড়া নিয়ন্ত্রণে বছরের পর বছর দমন নয়, উৎসবে দাম বাড়বেই লোকসভায় স্পষ্ট বার্তা রাম মোহন নাইডুর
উৎসবের মরসুমে আকাশপথের ভাড়া বাড়বে এটাই বাজারের স্বাভাবিক নিয়ম। তাই সারা বছরের জন্য ভাড়া বেঁধে দেওয়ার দাবি বাস্তবসম্মত নয় বলে জানালেন কেন্দ্রীয় নাগরিক বিমান চলাচলমন্ত্রী কে রাম মোহন নাইডু। লোকসভায় বিমানভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপের দাবি সংবলিত এক প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন মন্ত্রী পরিষ্কার জানান, বিশেষ পরিস্থিতিতে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে, কিন্তু বাজারকে সারা বছর শিকলে বেঁধে রাখা সম্ভব নয়।
মন্ত্রী বলেন, ''দরপতনের পিছনে থাকা প্রতিযোগিতা আর বাজারের স্বাভাবিক প্রবাহই যাত্রীদের শেষ পর্যন্ত লাভ দেয়। ডি রেগুলেশন চালুর মূল উদ্দেশ্যই ছিল নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া, পরিষেবা বাড়ানো ও যাত্রীর স্বার্থ রক্ষা করা।'' তাঁর দাবি, আন্তর্জাতিক স্তরে যেসব দেশে বিমান চলাচল খাতে বিস্ফোরক বৃদ্ধি হয়েছে, সব ক্ষেত্রেই বাজার ছিল অবাধ ও প্রতিযোগিতামূলক।

তবে 'স্বাধীন বাজার' মানেই নির্বিচার দাম বাড়ানো নয় বলেও মন্তব্য করেন নাইডু। তাঁর কথায়, কোভিডের সময় কিংবা সাম্প্রতিক ইন্ডিগো অচলাবস্থায় কেন্দ্র যেভাবে ভাড়ায় লাগাম টেনেছিল, তা পরিষ্কার উদাহরণ যে সরকারের কাছে প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল, পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের সীমিত পরিষেবার ফলে যখন যাত্রীদের উপর অতিরিক্ত ভাড়ার চাপ পড়ছিল, তখনই সরকার তড়িঘড়ি হস্তক্ষেপ করে বলে জানান তিনি।
উৎসব ভিত্তিক চাহিদার প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, ''অনেক রুটেই নির্দিষ্ট সময়ে ভাড়া বাড়ে। ক্রিসমাস বা ওনমে কেরলগামী ফ্লাইট, দুর্গাপূজোতে কলকাতাগামী ফ্লাইট, দীপাবলিতে উত্তর ভারতের রুট এগুলোতে ভাড়া বাড়বেই। এটা স্বাভাবিক চাহিদা সরবরাহের নিয়ম।''
তিনি স্পষ্ট করে দেন, ''পুরো বছরের জন্য কোনও রুটে ভাড়া বেঁধে দেওয়া যায় না। বাজারের চাহিদা সরবরাহই ভাড়া ঠিক করে। তবে উৎসব বা সংকটকালে ক্ষমতাসীন সরকার যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ইন্ডিগোর সময় যেমন নিয়েছিল।''
এদিন মন্ত্রী আরও দাবি করেন, অন্যান্য দেশের তুলনায় ভারতের বিমানভাড়া আসলে কমেছে। ''সি পি আই ও মুদ্রাস্ফীতির হিসাবে ভারতে বিমানভাড়া ৪৩ শতাংশ কমেছে। আমেরিকায় এই হার ২৩ শতাংশ, চিনে ৩৪ শতাংশ,'' বলেন তিনি।
সম্প্রতি ইন্ডিগো সংকটের সময় দিল্লী মুম্বই রুটে একমুখী টিকিট ৬০ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যাওয়ায় দেশজুড়ে ক্ষোভ ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র দ্রুত হস্তক্ষেপ করে ভাড়া স্থির করতে বাধ্য করে এয়ারলাইন্সগুলিকে তারই পটভূমিতে এদিন লোকসভায় এই অবস্থান স্পষ্ট করলেন রাম মোহন নাইডু।












Click it and Unblock the Notifications